এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

প্রকাশ : 02 Nov 2026
এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন রোববার ১ নভেম্বর থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।


ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি গত ৩০ অক্টোবর প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিও আবেদন প্রক্রিয়া ও ফি প্রদানের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd এ প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে বোর্ড ড্রপ ডাউন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপে গিয়ে কাঙ্ক্ষিত বিষয় বা পত্রগুলো নির্বাচন করে ফি প্রদান করতে হবে।


প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, ডিবিএল রকেট, উপায় এবং সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


ফলাফলে অসন্তুষ্ট বা অকৃতকার্য শিক্ষার্থীরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আবেদনের পুরো কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন শেষে ফল পুনর্নিরীক্ষণের ফলাফল পরবর্তীতে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে জানানো হবে।


সম্পর্কিত খবর

;