এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর থেকে, ফল ৩১ ডিসেম্বর

প্রকাশ : 01 Nov 2026
এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর থেকে, ফল ৩১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি (সম্পূরক) পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।


শনিবার (৩১ অক্টোবর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির তৈরি ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত ওই কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়।


কর্মপরিকল্পনা অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে ১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৩ নভেম্বর, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এরপর যাবতীয় প্রস্তুতি শেষে ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে। সব পরীক্ষা শেষে ৩১ ডিসেম্বর ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


একই কর্মপরিকল্পনায় এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময়সূচিও জানানো হয়েছে। ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে ১ নভেম্বর, চলবে ৭ নভেম্বর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৯ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ চলবে। ২২ নভেম্বরের মধ্যে পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহের কাজ শেষ করা হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৭ নভেম্বর।


আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, শুধু এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাই এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে।


তবে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান বিধিমালায় এ ধরনের সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণের সুযোগ নেই। তাই পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা ও অনুমোদন প্রয়োজন হবে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই এই সময়সূচি চূড়ান্ত বলে গণ্য হবে।


সম্পর্কিত খবর

;