রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথি বিদ্রোহীদের

প্রকাশ : 05 Nov 2026
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথি বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিয়াসাত ডটকম, ডন ও রয়টার্সের বরাতে জানা গেছে, বুধবার ৪ নভেম্বর এই হামলার দাবি করে গোষ্ঠীটি। সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলসহ জিজান ও নাজরান প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা দেওয়ার পরপরই হামলার দাবি আসে। 


হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক্স (সাবেক টুইটার) ও টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলেন, আল্লাহর রহমতে আমাদের সশস্ত্র বাহিনী সৌদি শত্রু রাজধানী রিয়াদের খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান পরিচালনা করেছে এবং সরাসরি আঘাত হেনে বিমানবন্দরে বড় ধরনের ক্ষতি সৃষ্টি হয়েছে। 


তিনি আরও বলেন, আমরা নিশ্চিত করছি যে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর অনিরাপদ। তিনি সকল আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় এয়ারলাইন্স, কর্মী এবং যাত্রীদের সৌদি আকাশসীমা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং আকাশসীমাকে বিপজ্জনক অঞ্চল হিসেবে বর্ণনা করেন। তবে মক্কা ও মদিনার ওপর দিয়ে চলাচল এই সতর্কতার বাইরে থাকবে বলে উল্লেখ করেন তিনি। 


একই দিনে পৃথক আরেক বিবৃতিতে সারি দাবি করেন, সকালে আরও তিনটি অভিযান পরিচালনা করা হয়েছে। জিজানের উত্তরে আল-কাহমা উপদ্বীপে একটি রাডার স্থাপনায় ড্রোন, নাজরানের আকেফা ক্যাম্পে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং জিজানে বর্ডার গার্ড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সুবিধায় হামলা চালানো হয়েছে।


সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে নতুন এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বলে জানিয়েছে রয়টার্স। ডন জানিয়েছে, হুথিদের দাবি অনুযায়ী হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে বলা হলেও সৌদি পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি। 


উল্লেখ্য, গত জুলাই ২০২৬ থেকে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের হামলা বেড়েছে, যা অক্টোবরে আরও তীব্র হয়। এর আগে ১০ অক্টোবর কিং খালিদ বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনা ঘটে। সৌদি সিভিল ডিফেন্স জিজান ও নাজরানে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকা, জানালা থেকে দূরে থাকা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেয়, পরে বিপদ কেটে গেছে বলেও জানায়। 


সম্পর্কিত খবর

;