উজিরপুরে আওয়ামী লীগের লকডাউন মোকাবিলায় বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথে বিএনপি

প্রকাশ : 19 Nov 2026
উজিরপুরে আওয়ামী লীগের লকডাউন মোকাবিলায় বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথে বিএনপি

মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস :  কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি মোকাবিলায় বরিশালের উজিরপুরে বৃষ্টি উপেক্ষা করে রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে উজিরপুর পৌরসভা ও শিকারপুর ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অবস্থান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে তৎপর না থাকলেও তাদের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও সতর্কতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে কর্মসূচি মোকাবিলায় মাঠে অবস্থান করছেন।


দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী করা এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুও উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন।


বৃহস্পতিবার সকাল থেকে ইচলাদীসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বৃষ্টির মধ্যেও তাঁরা রাজপথে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।


এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মিয়া, সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম সত্তার মল্লিক, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোস্তফা কামাল লিটন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কালাম ফরাজি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিলন হাওলাদার, সদস্যসচিব জুম্মান সিকদার মোতালেব, সদস্য মো. আলামিন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সুলাইমান খান হাইউম, সাধারণ সম্পাদক মো. খোকন ডাকুয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান ভুঁইয়া ও মো. নুরুজ্জামান, পৌর শ্রমিক দলের সহসভাপতি মো. বাচ্চু রাড়ী, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হান্নান আরিফ, শিকারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শাহাদাত সিকদার, যুবদল নেতা মো. মিজানুর রহমান হাওলাদার এবং শিকারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুমি শরীফসহ শত শত নেতাকর্মী।


এদিকে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় তাঁদের অবস্থান ছিল চোখে পড়ার মতো।

সম্পর্কিত খবর

;