ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে রাস উৎসব ও মেলার শুভ উদ্বোধন

প্রকাশ : 25 Nov 2026
ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে রাস উৎসব ও মেলার শুভ উদ্বোধন

মেলা থেকে ফিরে এসে, বিজয় রায় রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরকে ঘিরে মাস ব্যাপী রাস উৎসব ও মেলা পূজা-অর্চনার মধ্যে দিয়ে শুরু হয়েছে। পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা এই রাস উৎসবে হাজার হাজার ভক্ত রাধা-কৃষ্ণের লীলা স্মরণে এখানে ভজন, কীর্তন ও পূজায় অংশ নেন। মেলায় রাঁধা-কৃষ্ণের বিগ্রহকে এক নজর দেখা এবং পাপ মোচন করে পুণ্যের আশায় বিভিন্ন স্থান থেকে হাজারও নারী-পুরুষ ও ভক্তবৃন্দের আগমন ঘটেছে মেলা শুরু হওয়ার ২-৩দিন পূর্ব থেকে। ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ রাস মেলায় বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে ধর্মীয় ও সাংস্কৃতিক উচ্ছাসের এক মিলনমেলা।


মঙ্গলবার বিকাল থেকে এই মন্দিরকে ঘিরে এক মাস ব্যাপী শুরু হয়েছে এই রাস মেলা।

দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউপির ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির। কার্তিক ও অগ্রহায়ন মাসের পূর্ণিমায় প্রতি বছরের মতো এ বছরও পূর্ণিমা রাত্রী ১২ টা ১মিনিটে রাঁধা-কৃষ্ণের বিগ্রহ রাজ বেধিতে পূঁজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয়।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে মন্দির চত্বরে রাস মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু। 

এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মিম, দিনাজপুর রাজ দেবত্তোর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ প্রমুখ।

মন্দির ও মেলা দেখার জন্য বাংলাদেশসহ ভারত এবং বিভিন্ন দেশের পর্যটক ও ভক্তবৃন্দের সমাগম ঘটে এই রাস মেলায়।বিকালের পর থেকে লোক সমাগম বাড়তে থাকে। পাশাপাশি কান্তজিউ মন্দিরে ভক্ত ও পুণ্যার্থীদের মিলন মেলায় পরিণত হয়। মেলায় প্রবেশের সাথে শোনা যাবে চারদিকে হই-হুল্লোড়, না হয় ‘দাদা এদিকে আসেন-কি লাগবে ভাই, আসুন দোকানিদের আহŸান। আবার কোনো দোকান থেকে ভেসে আসবে কেনা-কাটার দরদামের কথা। মাসব্যাপী এই উৎসব ও মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। দোকানিরা চুড়ি, ফিতা, কানের দুল, গলার চেইন, টি-শার্ট, প্যান্ট, কাগজ ও পøাস্টিকের ফুল, চশমা, পুতুলসহ হরেক রকমের খেলনা, সনাতন ধর্মাবলম্বীদের দেব-দেবীর মূর্তি বা প্রতিমা, পূজার প্রয়োজনীয় শংখ, ঢোল, কাশা, বাঁশি, প্রদীপ, জিলাপি, খুরমা, মণ্ডা-মিঠাই ও মিষ্টান্ন বিক্রি করছেন। মন্দিরের পশ্চিম, উত্তর ও দক্ষিণে দোকানের সারি দেখা যাবে। পছন্দের জিনিসপত্র কিনতে দর্শনার্থীরা ভিড় করছেন দোকানগুলোতে। ধর্মীয় কীর্ত্তণগান ছাড়াও হিন্দু ধর্মীয় বই-পুস্তক, শাঁখা-সিঁদুর, শঙ্খ, বালা, চুড়িসহ নানান পণ্যের পসরা সমৃদ্ধ দোকান রয়েছে।পরিবার-পরিজন কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা বেশ উপভোগ করছেন মেলা।

এই রাস মেলায় একেকজন একেক উদ্দেশ্যে নিয়ে আসে। কেউ ভগবানের দর্শনের জন্য আসে, কেউ পরিবারের মানত ও সন্তানদের মঙ্গল কামনা করে আসে। যারা আসে তারা ভালো ফল পেলে পূজা দেন।

বীরগঞ্জ থেকে আসা সবুজ রায় বলেন, ১৫-১৬বছর ধরে এই মেলায় আসি। বড় মন্দিরও আছে। কেনাকাটা করা যাচ্ছে। মন্দির দর্শন করলাম। তবে মেলায় আসা জিনিসপত্রের দাম বেশি মনে হচ্ছে। ভক্ত সুকুমার রায়, প্রশান্ত রায় বলেন, রাসমেলায় এসেছি। ভগবানের প্রসাদও পেয়েছি। বাচ্চাদের পছন্দের জিনিস কিনেছি, গরম গরম জিলাপি কিনেছি, বাসায় গিয়ে সবাই মিলে খাবো।

এদিকে সব ধরনের নিরাপত্তায় মেলাসহ মন্দিরকে ঘিরে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন।

উল্লেখ্য, ইতিহাস থেকে জানা যায়, প্রতি বছর রাস পূর্ণিমার তিথিতে রাস উৎসব পালিত হয়। রাজা প্রাণনাথ ১৭০৪সালে কান্তজিউ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। পরে তার পোষ্যপুত্র রামনাথ ১৭৫২সালে কাজ শেষ করেন। ওই বছর থেকেই কন্তজিউ মন্দিরকে ঘিরে রাস উৎসব ও মেলা বসে।


সম্পর্কিত খবর

;