৭৫তম মিস ইউনিভার্স, বিশ্বমঞ্চে শেষ হাসি হাসলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

প্রকাশ : 25 Nov 2026
৭৫তম মিস ইউনিভার্স, বিশ্বমঞ্চে শেষ হাসি হাসলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

স্টাফ রিপোর্টার: বিশ্বমঞ্চে সৌন্দর্য, আত্মবিশ্বাস আর স্বপ্নের লড়াইয়ে শেষ হাসি হাসলেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬ প্রতিযোগীর স্বপ্নযাত্রা পেরিয়ে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট উঠেছে তার মাথায়। নিজের দেশের মাটিতে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের আনন্দে ভাসেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ইতিহাসও গড়েছেন জেনিফার। তিনি মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও প্রথম মা হিসেবে এই খেতাব জিতলেন।


মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ প্রতিযোগী অংশ নেন। আয়োজনটি অনুষ্ঠিত হয় সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে। অনুষ্ঠান উপস্থাপনা করেন মিস ইউনিভার্স ২০২২ আরবনি গ্যাব্রিয়েল, মারিও লোপেজ, জুরি হল ও মিস ইউনিভার্স ১৯৯৩ দায়ানারা টোরেস। দীর্ঘ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত শীর্ষ পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।


চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। শীর্ষ পাঁচ প্রতিযোগীকে একই প্রশ্ন করা হয়, বিশ্ব এখন তার নেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি কী চায়। জবাবে জেনিফার বলেন, বিশ্বের এমন নেতা দরকার যারা পেশাগতভাবে সহমর্মী। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে প্রায়ই অন্যদের বিচার করি ও প্রশ্ন তুলি, কিন্তু একজন নেতার উচিত নিজের মূল্যবোধের পক্ষে দাঁড়ানো, উদাহরণ তৈরি করা এবং মানদণ্ড উঁচুতে তোলা। সম্প্রদায়ের চাহিদা শুনে ক্ষতিকর আচরণ রোধে কৌশল ঠিক করলেই প্রকৃত প্রভাব তৈরি হয়। সবকিছু ছাপিয়ে বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বোশ তার মাথায় মুকুট পরিয়ে দেন।


এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন। শীর্ষ ১২-তে ছিলেন চিলি, কলম্বিয়া, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ফ্রান্স, নিকারাগুয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সামিরা খান মাহি।


অন্যদিকে, শীর্ষ পাঁচে জায়গা করে নেওয়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি হয়েছেন তৃতীয় রানারআপ। নিজের দেশের হয়ে পঞ্চমবারের মতো বিশ্বসুন্দরীর খেতাব জয়ের স্বপ্ন পূরণ না হলেও মঞ্চে প্রশংসিত হয়েছে তার পারফরম্যান্স। প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বেও নজর কেড়েছেন বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন, এমন প্রশ্নের উত্তরে নারীদের অতীতের অর্জন, বর্তমানের অবস্থান ও ভবিষ্যতের সম্ভাবনার কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ এবং বিশ্বের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন এই প্রতিযোগী।


উল্লেখ্য, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেছিলেন ক্যাটরিওনা গ্রে। এবারের আসরে বিয়ার তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির। অন্যদিকে পুয়ের্তো রিকোর এটি ষষ্ঠ মিস ইউনিভার্স খেতাব। এর আগে দেশটির হয়ে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে দেবোরা কার্থি-দেউ, ১৯৯৩ সালে দায়ানারা টোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস ও ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই খেতাব জিতেছিলেন। অর্থাৎ ২০ বছর পর আবার পুয়ের্তো রিকোতে ফিরল মিস ইউনিভার্সের মুকুট।


এবারের ৭৫তম আসরটি ছিল মিস ইউনিভার্সের ডায়মন্ড জুবিলি সংস্করণ। এই উপলক্ষে নতুন মুকুট উন্মোচন করা হয়, যার নাম দেওয়া হয়েছে রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি। এতে ৩ হাজার ১৫০টি হীরা রয়েছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা। এই মুকুট প্রতিযোগিতার অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতীক।


জেনিফার ব্যারেটোর বয়স ২৭ বছর। মঞ্চের বাইরে তার পেশাগত পরিচয় মনোবিজ্ঞান, সমাজকর্ম ও কমিউনিটি প্রিভেনশন নিয়ে। তিনি মনোবিজ্ঞানে স্নাতক এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার প্রশিক্ষণের মধ্যে রয়েছে ট্রমা ইন্টারভেনশন, শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও আত্মহত্যা প্রতিরোধ। ২০২১ সালে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে কাজ শুরু করেন। সেখানে সামরিক পরিবার এবং পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার মানুষদের সহায়তা করেন তিনি।


সম্পর্কিত খবর

;