বিদায়ের পথে মৌসুমি বায়ু

রাজধানীসহ ৭ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বভাস, কমতে পারে তাপমাত্রা

প্রকাশ : 08 Oct 2026
রাজধানীসহ ৭ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বভাস, কমতে পারে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে মোটামুটি নিষ্ক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। ইতিমধ্যে দেশের পশ্চিমাঞ্চল থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অবশিষ্ট অঞ্চল থেকেও বিদায় নিতে পারে।


বৃহস্পতিবার ৮ অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।


পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার থাকবে।


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে।


গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ড ও খুলনায় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ ৩৪.৫ এবং সর্বনিম্ন ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।


আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের প্রথমার্ধেই মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নেবে এবং এ মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া মাসজুড়ে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে। বর্তমানে নদীবন্দর বা সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই।


সম্পর্কিত খবর

;