লাগেজ জটিলতা নিয়ে সমালোচনা

বিমান বাংলাদেশের কার্যালয় সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশ : 08 Oct 2026
বিমান বাংলাদেশের কার্যালয় সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: বিমানের লাগেজ জটিলতা নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার মধ্যে এবার রাজধানীর বিমানবন্দর এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে সাংবাদিক প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে সংবাদ সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েছেন অনেক সাংবাদিক। ভবনের প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা জানাচ্ছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুই দিন ওই ভবনে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনা রয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা) মহিউদ্দিন আহমেদ জানান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।’ এসময় তিনি সাংবাদিকদের ২ দিন অপেক্ষা করার অনুরোধ জানান।


সকাল থেকে বলাকার প্রধান ফটকে যাওয়া একাধিক সাংবাদিক জানান, পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহের জন্য ভেতরে যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের জানিয়ে দেন যে ভেতরে যাওয়ার অনুমতি নেই। ফলে বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ কিংবা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি, ফটক থেকেই ফিরে আসতে হয়েছে।


এদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে প্রবেশে এই অলিখিত বাধার কারণে ক্ষোভ সৃষ্টি হয়েছে সাংবাদিকদের মাঝে। তারা বলছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এর নানামুখী কার্যক্রম ও গণস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত অধিকার ও দায়িত্বের অংশ। কোনো পূর্ব ঘোষণা বা স্পষ্ট কারণ ছাড়া হঠাৎ করে সাংবাদিকদের প্রবেশে এভাবে বাধা দেওয়া অত্যন্ত অযৌক্তিক ও অনৈতিক।


কী কারণে সাংবাদিকদের জন্য দুই দিনের এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিমানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

;