সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৫০ পুলিশ আহত, শতাধিক কারখানায় ছুটি

প্রকাশ : 03 Nov 2026
সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৫০ পুলিশ আহত, শতাধিক কারখানায় ছুটি

স্টাফ রিপোর্টার: সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভ ও দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বিক্ষোভের কারণে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর পর্যন্ত শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে দেওয়ান পাম্পের পাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে, তবে নিরাপত্তার স্বার্থে কিছু কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে। তার দাবি, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। 


সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্দোলন শুধু আশুলিয়ায় সীমাবদ্ধ নেই। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজ সকাল থেকেই মিরপুর, গাজীপুর এবং নারায়ণগঞ্জেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।


আশুলিয়ায় আজ সকাল ৯টা থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শ্রমিকরা তিন দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। 


এদিকে সাভারের হেমায়েতপুরে দুপুর সাড়ে ৩টার দিকে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টা ৪০ মিনিটে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। 


পরিস্থিতি সামাল দিতে গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ীতে ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়ায় ২ প্লাটুন দায়িত্ব পালন করছে। বিজিবি ড্রোন ও বডি ক্যামেরার মাধ্যমে সরাসরি নজরদারি করছে। 


বিজিএমইএ'র তথ্য অনুযায়ী, আজ বেলা ১১টা পর্যন্ত মিরপুর, গাজীপুর, ময়মনসিংহ ও সাভারের আশুলিয়া-জিরানি এলাকার ৩০৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শিল্প পুলিশের দেওয়া সর্বশেষ তথ্যে শুধু আশুলিয়াতেই ৬০ থেকে ৭০টি কারখানা বন্ধ রয়েছে। 


এ ঘটনায় আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে। আশুলিয়া থানায় হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে, যাতে প্রায় ১ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার মডেল থানায়ও আরও ৯ জনকে আটক করা হয়েছে। গত রাতে টেটুলঝোড়া এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।


সম্পর্কিত খবর

;