নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা, ঘাতকদের ধরতে অভিযানে পুলিশ

প্রকাশ : 16 Oct 2026
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা, ঘাতকদের ধরতে অভিযানে পুলিশ

ময়মনসিংহ অফিস: নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া বাজারে এ ঘটনা ঘটে। 


নিহত আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজের কর্ণধার ছিলেন। তিনি সাবেক সেনা সদস্য ছিলেন বলেও জানা গেছে। সেখানে তিনি বিভিন্ন অনিয়ম, অপরাধ এবং সীমান্তে মাদক চোরাচালান নিয়ে নিয়মিত লেখালেখি করতেন। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ ফকিরের গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে, তবে তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। ঘটনার রাতে তিনি শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উৎরাইল বাজারে একটি দোকানে বসে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগে থেকে ওত পেতে থাকা দুই অজ্ঞাত যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। 


ওসি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। জনবহুল বাজারে এমন প্রকাশ্য হত্যাকাণ্ডে এলাকায় তীব্র আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।


সম্পর্কিত খবর

;