শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার

প্রকাশ : 05 Jun 2026
শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।


বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সকলের সহযোগিতায় ঈদের ছুটিকালীন সময়ে রাজধানীতে বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি। পশুর হাট, বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, শপিংমল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঈদের জামাতস্থল, আবাসিক এলাকা এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সকল ইউনিট নিরলসভাবে কাজ করেছে।


ডিএমপি কমিশনার জানান, ১ মে হতে ২ জুন পর্যন্ত ডিএমপির অপারেশনাল ইউনিটসমূহ বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫৮ জন চাঁদাবাজ, ৯৭১ জন ছিনতাইকারী-ডাকাত-সন্ত্রাসী ও ১ হাজার ২১৫ জন মাদক কারবারিসহ সর্বমোট ২ হাজার ৮৪৪ জনকে গ্রেফতার করেছে। গত এক মাসে ৭৪৪ কেজি গাঁজা, ১ লাখ ৭৯ হাজার ইয়াবা ট্যাবলেট, ৪০৫ গ্রাম হেরোইন, ১ হাজার ২৮১ বোতল ফেন্সিডিল, ২৮ লিটার দেশি-বিদেশী মদ, ২৯ গ্রাম আইস, ৭৮ পিস ট্যাপেন্টাডল ও ২০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ৬টি দেশি-বিদেশী পিস্তল, ২১ রাউন্ড গুলি-কার্তুজ, ৪টি ম্যাগাজিন, ১১টি ককটেল ও ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৫২৩টি মোবাইল ফোন, ২৯৩টি সিমকার্ড, ৪টি মাইক্রোবাস, ৬টি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান, একটি বাস, ৯টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।


তিনি বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগ মে মাসে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩৮ হাজার ২৮৪টি মামলা করেছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে এআই ভিত্তিক এনফোর্সমেন্টের মাধ্যমে। মোট ৮ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৫০১ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মে মাসে সড়ক পরিবহন আইন সংক্রান্ত ৩৩৭টি মামলা নিষ্পত্তি করেছেন। যার মধ্যে ১ জনকে কারাদণ্ডসহ অন্যদের ক্ষেত্রে মোট ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মে মাসে ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। যার মধ্যে ৫ হাজার ৯৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মোট ২২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


ঈদের ছুটিতে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রায় জনশূন্য রাজধানীর নিরাপত্তা বজায় রাখতে বর্ধিত টহল, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভিসহ প্রযুক্তিগত মনিটরিং অব্যাহত রাখা হয়। যার ফলে ঈদের ছুটির সাত দিনে আড়াই থেকে তিন কোটি মানুষের এই মেগাসিটিতে কোনো ডাকাতি কিংবা চাঞ্চল্যকর অপরাধ সংঘটিত হয়নি। তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি চুরি, ছিনতাই-দস্যুতার ঘটনা ঘটেছে। যা তুলনামূলক স্বাভাবিক ও স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির পরিচয় বহন করে।


সাম্প্রতিক আলোচিত ঘটনা ও অগ্রগতি তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মুগদায় সৌদি প্রবাসী মোকাররমকে হত্যার পর মরদেহ আট টুকরো করার ঘটনার মূল পরিকল্পনাকারী তাসলিমা আক্তার ওরফে হাসনাসহ চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি। দুই আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একজন আদালতে জবানবন্দি দিয়েছেন।


তিনি আরও বলেন, ডেমরা থানা পুলিশ গত ১৪ মে রসুলনগর ক্যানেলপাড় পাকা সড়কে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করে হায়েস মাইক্রোবাস ও মোটরসাইকেল উদ্ধার করেছে। উত্তরাপূর্ব থানা ও গাজীপুরে অভিযান চালিয়ে ৩৪ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি। যাত্রাবাড়ীতে ডাচ-বাংলা ব্যাংকের ২৩ লাখ টাকা দস্যুতার ঘটনায় ২ লাখ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে দুইজনকে গ্রেফতার ও ছিনতাই হওয়া মালামালসহ চাপাতি ও ট্রাক উদ্ধার করা হয়েছে।


কমিশনার জানান, দক্ষিণখান থানা এলাকায় গার্মেন্টসের কাপড় চুরির ঘটনায় ৩০ লাখ টাকার কাপড় ও কাভার্ডভ্যান উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বংশালে নেছার আলী হত্যা মামলার তিন আসামি, লালবাগে রাফি হোসেন হত্যা মামলার মূল শ্যুটারসহ তিনজন, চকবাজার থানায় ইউনুস হত্যা মামলার চারজনকে গ্রেফতার করা হয়েছে। লালবাগ থেকে নিখোঁজ আড়াই বছরের শিশু হাসিবকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। কাফরুলে সিধেঁল চুরি মামলায় চার ভরি গলিত স্বর্ণের পাতসহ তিনজন এবং আদাবরে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে।


উল্লেখিত উদ্ধার ও অগ্রগতি ছাড়াও আরও অনেক সফলতা রয়েছে ডিএমপির। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান চলমান থাকবে। শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা বিনির্মাণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা বদ্ধপরিকর বলে জানান ডিএমপি কমিশনার।


প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ শামসুল হকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

;