স্টাফ রিপোর্টার: দফায়-দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আজ ৪ জুন বৃহস্পতিবার বিকেল ৫টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন। সরকার গঠনের মাত্র তিন মাসের ব্যবধানে মন্ত্রীদের দেখলেই জনগণ কেন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে সরকার সেটি বুঝতে না পারা সবচেয়ে বড় ব্যর্থতা।
তিনি বলেন, জনগণের ওপর জুলুম-নির্যাতন করে কেউই ক্ষমতায় থাকতে পারেনি, পারবে না। সরকারের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার গঠনের মাত্র তিন মাস যেতে না যেতেই জনগণ যেভাবে মন্ত্রীদের দেখামাত্র ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এটি সরকারের জন্য ভয়ের কারণ!
মিয়া গোলাম পরওয়ার বলেন, এই সরকার জনগণের সাথে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সরকার নির্বাচনের নির্বাচনী বৈতরণী পার হতে জনগণকে চমকপ্রদ প্রতিশ্রুতি দিয়েছিল। বিএনপি নিজের ৩১ দফায় সংবিধান সংস্কারের ওয়াদা দিলেও সরকার গঠন করে সেই ওয়াদা পূরণ করেনি। বরং স্বরাষ্ট্র মন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন তারা কেবলমাত্র নির্বাচনের জন্যেই সংস্কারের পক্ষে কথা বলেছে। তারমানে তারা সংস্কার চায় না বলেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করছে না। কারণ সংস্কার হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, ব্যাংক দখল-লুট করতে পারবে না।
তিনি আরও বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করতে সরকার গণশুনানির আয়োজন করেছিল। সেই গণশুনানিতে অংশীজনেরা বিদ্যুতের দাম বৃদ্ধি না করার সুপারিশ করেছে। কিন্তু সরকার জনগণের সেই সুপারিশ ও মতামত উপেক্ষা করে আবারো প্রায় ১৭ শতাংশ দাম বৃদ্ধির পথে হাঁটছে। সরকারের শুরুই হয়েছে জনগণের গণরায় উপেক্ষা করার মধ্য দিয়ে। জনগণ গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে গণরায় দিয়েছে। কিন্তু সরকার সেই রায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করেনি। এজন্য জনগণ মনে করে এই সরকার গণবিরোধী সরকার। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, সরকার এক মাসে দুইবার তেলের দাম বৃদ্ধি করেছে। এর আগে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে। দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতিতে জনগণের জানমালের কোনো নিরাপত্তা নাই।
তিনি বলেন, ইসলামী ব্যাংকে এমন এক ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে যিনি দুর্নীতি, অনিয়ম, লুটপাট ও ক্ষমতার অপব্যবহারের দায়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে পদত্যাগ করেছিল। সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সরকার রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে দলীয়করণ করছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করছে। যাদের পুনর্বাসন করা হচ্ছে, তারাই সুযোগ বুঝে সরকারকে ছোবল মারতে পারে।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, ফ্যাসিস্টের দোসরদের সাথে বন্ধুত্ব করে নিজের বিপদ টেনে আনবেন না। জামায়াতে ইসলামীর মতো জনগণের সাথে বন্ধুত্ব করতে পারলে জনগণ পাশে থাকবে। তাই জনগণের বিপক্ষে না গিয়ে, জনগণের মতামতের প্রতি সম্মান জানাতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ কৃষি, শিল্প খাতে মারাত্মক প্রভাব ফেলবে। এই প্রভাব সরাসরি জনগণের ওপর পড়বে। তিনি বলেন, এক মাসে দু'বার তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। তেল ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে সরকার অতিরিক্ত টাকা কোথায় নেবে- তা জাতি জানতে চায়।
ইসলামী ব্যাংক নিয়ে সরকারের ষড়যন্ত্রের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ইসলামী ব্যাংকের একজন গ্রাহক হিসেবে নিজের এক টাকাও আর লুট এবং পাচার করতে দেওয়া হবে না। ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকেরা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, এস আলমের উত্তরসূরি খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ব্যাংকে ঢুকতে দেবে না।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রায় ১৬.৭ শতাংশ বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী সিদ্ধান্ত। মাত্র ৩ মাসে সরকার দুবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করায় তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাত প্রমুখ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য যথাক্রমে সৈয়দ জয়নুল আবেদীন এমপি, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, আবদুস সালাম, ড. মোবারক হোসেন, শাহীন আহমেদ খান, মহানগরী দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, মহানগরী দক্ষিণের সহকারী অফিস সেক্রেটারি মুজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে, দফায়-দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়-বিজয়নগর প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার-হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধের ঘোষণা ...
স্টাফ রিপোর্টার: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: নির্বাচনের সময় বিএনপি নাই, তারেক রহমান নাই। মানুষের মাঝে একটি দল আতংক সৃষ্টি করেছিলো। আল্লাহ তায়ালার কী অশেষ রহমত। মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। যারা বিএনপি করেন তাদের ...
স্টাফ রিপোর্টার: প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত ১০টার দিকে গাজীপুরের কাশিমপু ...
সব মন্তব্য
No Comments