আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন গৃহপরিচারিকা কলিতা মাজি। তাঁকে প্রতিমন্ত্রী করা হয়েছে। তপশিলি সম্প্রদায়ের এই নারী এখন রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রে।
কলিতা মাজির বাড়ি বর্ধমান জেলার আউসগ্রামে। তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। একসঙ্গে সাত বাড়িতে কাজ করতেন তিনি। মনোনয়ন পাওয়ার পরও দুই বাড়িতে কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে ওই বাড়ির মালিকেরা তাঁকে কাজ ছেড়ে নির্বাচনী প্রচারে নামতে বললে কলিতা পরিচারিকার কাজ ছেড়ে দেন। তাঁর স্বামী সুব্রত মাজি প্লাম্বার বা কলের মিস্ত্রির কাজ করেন। ২০০৬ সালে তাঁদের বিয়ে হয়। এক ছেলে নিয়ে তাঁদের সংসার।
২০২১ সালেও এই আউসগ্রাম আসন থেকে লড়ে হেরে গিয়েছিলেন কলিতা। এবার মনোনয়ন পেয়ে ১২ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হন তিনি। জয়ের খবর শুনে যেতে পারেননি তাঁর শ্বশুর, এ আফসোসের কথা জানিয়েছেন কলিতা। তিনি বলেন, স্বপ্নেও ভাবিনি আমি মন্ত্রী হব। সবই ঈশ্বরের ইচ্ছা। আমার চেষ্টা থাকবে এলাকা আর রাজ্যের উন্নয়নে কাজ করা, মা-বোনদের দাবি ও অধিকার প্রতিষ্ঠা করা। কলিতা মিষ্টভাষী ও সর্বদা হাসিমুখের নারী। নারীদের উন্নয়নে বিজেপির হয়ে কাজ করতে চান তিনি। স্বামী বা শ্বশুর কেউই তাঁর রাজনৈতিক কাজে আপত্তি তোলেননি। বরং বলেছেন, তুমি কাজে যাও, আমরা সংসার সামলাব।
পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৮ আসন পেয়ে প্রথমবারের মতো সরকার গঠন করেছে বিজেপি। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ পাঁচ মন্ত্রী শপথ নেন। এরপর ১ জুন লোকভবনে আরও ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বাকিরা প্রতিমন্ত্রী। রাজ্যপাল আরএন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান। এ নিয়ে মুখ্যমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ায় ৪০ জনে।
নতুন মন্ত্রিসভায় কলিতা মাজি ছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, জুয়েল মুর্মু, আনন্দময় বর্মণ, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, দিবাকর ঘরামী, ভাস্কর ভট্টাচার্য প্রমুখ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন মালতী রাভা রায়, ইন্দ্রনীল খাঁ ও রাজেশ মাহাতো।
এবার বিজেপির হয়ে বিধানসভায় জয়ী পাঁচ চলচ্চিত্র তারকা রুপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী ও শর্বরী মুখার্জির কেউই মন্ত্রিসভায় ঠাঁই পাননি। নির্বাচনের পর গুঞ্জন উঠেছিল রুপা গঙ্গোপাধ্যায়ের মতো তারকাদের মন্ত্রিসভায় নেওয়া হতে পারে। তবে বিজেপি থেকে বলা হয়েছে, রাজনৈতিক প্রার্থীরাই মন্ত্রিসভায় মানানসই।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের দায়িত্ব নিয়েছেন। উপমুখ্যমন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং অগ্নিমিত্রা পাল নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্বে আছেন নিশীথ প্রামাণিক।
সমাজের একদম প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা কলিতা মাজিকে মন্ত্রী করায় বিজেপি নতুন বার্তা দিতে চেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলোচিত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৬ দিনের আমরণ অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার ভোরে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হ ...
আন্তর্জাতিক ডেস্ক: জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধকরণ আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ ও ১২.৫ শতাংশ হারে শুল্ক আর ...
সব মন্তব্য
No Comments