১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ

শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোয়নপত্র দাখিল

প্রকাশ : 29 Dec 2025
শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত সারা দেশের ৬৪ জেলা ও ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে।


নির্বাচন কমিশন সূত্র জানায়, শেষ দিনে দলীয় প্রার্থী, দলীয় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে প্রার্থীদের সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়।


মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রতিনিধিরা সরেজমিনে খবর পাঠিয়েছেন। অধিকাংশ স্থানেই শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হলেও কোথাও কোথাও সামান্য উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সাভার থেকে মোঃ সাইফুল্লাহ ঢালী জানান, আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে সাভারে ঢাকা-১৯ আসনে মনোনয়নপত্র জমা দান করছেন গনঅধিকার পরিষদের এডভোকেট শওকত হোসেন সহ অন্যান্যরা।

এ উপলক্ষে সকালে সাভার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কার্যালয়ে গনঅধিকার পরিষদের এডভোকেট শওকত হোসেন, বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, জামায়াতের প্রার্থী আফজালুর রহমান, জাতীয় পাটির বাহাদুর ইসলাম ইমতিয়াজ সহ আরো অনেকে মনোনয়নপত্র জমা দান করেন।

তিনি আরও জানান, ঢাকা-২ আসন থেকে তিনজন ও ঢাকা-৩ আসনে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

নির্বাচনী কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-২ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। এছাড়াও  ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল কবির পল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন, ইসলামী আন্দোলন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি সুলতান আহমেদ খান, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার মা পারুল মোল্লা, ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ শাহীনুর ইসলাম, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্র অধিকারের সভাপতি সাজ্জাদ আল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর, গণসংহতি আন্দোলনের ঢাকা জেলার সমন্বয়ক বাচ্চু ভূঁইয়া ও বেলাল হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৭৩জন মনোনয়পত্র জমা দিয়েছেন। এসব আসনে মনোনয়ন ফরম ক্রয় করেন ১০১ জন। জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল,আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) ১১জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর আংশিক) আসনে ১৪ জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১০জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১৫জন মনোনয়নপত্র দাখিল করেছেন।  

বরিশাল মেহেন্দিগঞ্জ প্রতিনিধি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো:রিয়াজুর রহমানের নিকট ২৯ ডিসেম্বর  দুপুরে মনোনয়ন পত্র দাখিল করেন বরিশাল -৪ আসনের  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ রাজিব আহসান। এছাড়াও মনোনয়ন পত্র দাখিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার এবং বাংলাদেশ জাসদ মনোনীত মোটরগাড়ি প্রতিকের প্রার্থী আব্দুস ছালাম খোকন। এ সময় বিভিন্ন দলের সীমিত সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

দিনাজপুর বোচাগঞ্জ থেকে আহাছানুল মতিন নান্নু জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জননেতা অ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন।

মনোনয়নপত্র দাখিল শেষে অ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন বলেন, “দিনাজপুর–২ আসনের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় পার্টির রাজনৈতিক দর্শন বাস্তবায়নের লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এ এলাকার উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করব।”

দিনাজপুর–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার তিনি বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।


কুমিল্লা থেকে শামীম পাটোয়ারী জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জনাব জাকারিয়া তাহের সুমন আজ কুমিল্লা-৮ (বরুড়া উপজেলা) আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপিসহ ৫ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন। সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে মনোয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোলøা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনিত প্রার্থী মোহা. বদিরুজ্জামান, গণঅধিকার পরিষদ মনোনিত প্রার্থী মো. শাহাবুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি) মনোনিত প্রার্থী  মো. গিয়াস উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্মআহ্বায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা। 

দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিভিন্ন দলের ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসন থেকে তার দপ্তর থেকে ১০জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বাঁকী প্রার্থীর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

জামালপুর থেকে সুমন আদিত্য জানিয়েছেন,  জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার কমরেড মাহবুব জামান জুয়েল।


সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন সিপিবি সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি আলতাফ হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির আহ্বায়ক ফরিদ সরকার, উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগ।

সুনামগঞ্জ প্রতিনিধি রাজু ভূঁইয়া জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসন থেকে ইসলামী ও সমমনা ১০ দল সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। 


বরিশাল উজিরপুর থেকে মহাসিন মিঞা লিটন জানিয়েছেন,

 উজিরপুরে উৎসব মুখোর পরিবেশে বিএনপি-জামায়াতে ইসলামীসহ ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৯ ডিসেম্বর উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার নিকট মনোনয়নপত্র জমা দেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,উপজেলা যুবদলের সভাপতি ও বরিশাল-২ বিএনপির মিডিয়া ম্যানেজার আফম সামসুদ্দোহা আজাদ। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেন বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃআঃ খালেক,সেক্রেটারী মোঃ খোকন সরদার,জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওঃ কাওছার হোসাইন।বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ' এর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওঃ মোঃ শাহে আলম,সেক্রেটারী মাওঃ মোঃ আব্দুল হক। বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) আসন গণঅধিকার পরিষদের প্রার্থী রঞ্জিত বাড়ৈ মনোনয়ন ফরম দাখিল করেন। বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মোঃ তারিকুল ইসলাম। খেলাফত মজলিস এর সংসদ সদস্য প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান।উজিরপুর  উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ১৮৫, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ২৯জন,হিজরা ১ জন, মোট ভোটার সংখ্যা-২ লক্ষ ৩৬ হাজার ২১৫ জন। মোট কেন্দ্র সংখ্যা-৮৪টি। বানারীপাড়া উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা-৭৪ হাজার ৯২৩জন,মহিলা ভোটার সংখ্যা-৭২ হাজার ৬৪৫ জন,মোট ভোটার সংখ্যা-১ লক্ষ ৪৭ হাজার ৫৬৮ জন। মোট কেন্দ্র সংখ্যা-৫৬টি। (উজিরপুর-বানারীপাড়া) দুই উপজেলায় সর্বমোট মোট ভোটার সংখ্যা-৩ লক্ষ ৮৩ হাজার ৭৮৫ জন।

পিরোজপুর অফিস জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে এ পর্যন্ত মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং প্রশাসনের সতর্ক অবস্থানের কারণে মনোনয়নপত্র জমার শেষ দিনটি সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।


নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী নির্ধারিত তারিখে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর

;