গাজীপুরে গার্মেন্টসের আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, উদ্ধার ৬৯ জন

প্রকাশ : 03 Oct 2026
গাজীপুরে গার্মেন্টসের আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, উদ্ধার ৬৯ জন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার ৩ অক্টোবর দুপুর ২টা ৪৪ মিনিটে ৮ তলা ভবনের তৃতীয় তলার গুদামে আগুনের সূত্রপাত হয়।


ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পাওয়ার এক মিনিটের মধ্যে দুপুর ২টা ৪৫ মিনিটে বিভিন্ন স্টেশন থেকে ইউনিটগুলো রওনা দেয়। ঘটনাস্থল সংশ্লিষ্ট স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়। মোট ৯টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ভবনটি ৭ থেকে ৮ তলা বিশিষ্ট এবং তৃতীয় তলায় ফেব্রিক্সের গুদাম ছিল। আগুনে সৃষ্ট ধোঁয়ায় ভবনের ভেতরে আটকে পড়া শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ৬৯ থেকে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো নির্বাপণ হয়নি। ফেব্রিক্সের গুদাম থাকায় অনেক কাপড় সরিয়ে সরিয়ে আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে। ফায়ার ফাইটাররা এখনো ভেতরে কাজ করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

;