মুহাম্মদ নাহিদুল ইসলাম:
বাজারে ঢুকলেই আজ একটা অস্বস্তিকর অনুভূতি কাজ করে। কোন জিনিসটা আসল, কোনটা ভেজাল সেটা বোঝার উপায় নেই। ওজনে কম দেওয়াটা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। কেউ বলছে চিনির দাম বাড়ল, কেউ বলছে সরবরাহ কম; অথচ গুদামে মাল আছে, শুধু ছাড়া হচ্ছে না। মাছের দাম আকাশে, কারণ কে যেন মাঝপথে সব কিনে নিয়েছে। এসবের পেছনে যে কতগুলো সাধারণ কারণে ঘটে, তার একটা বড় অংশ আসলে খুব পুরোনো — প্রতারণা, মজুতদারি আর তথ্যগত অসাম্য। আজকের বাজারে এসবের মোকাবিলায় আমরা মূলত অভিযান আর জরিমানার ওপর ভরসা করি। কিন্তু ইসলামের ইতিহাসে এই সমস্যাগুলোর জবাবে যা গড়ে উঠেছিল, তা ছিল একটা সম্পূর্ণ ব্যবস্থা - যার নাম হিসবা।
ইসলামের বাজার-ভাবনার ভিত্তি দুটো বিশ্বাসে দাঁড়িয়ে আছে।
এক, ব্যবসা করা বৈধ ও মর্যাদাপূর্ণ পেশা — "আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন" (সুরা আল-বাকারা, আয়াত ২৭৫)।
দুই, এই বৈধতার শর্ত হলো ন্যায্যতা; একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না —
"হে মুমিনগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস কোরো না; তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসা হলে ভিন্ন কথা।" (সুরা আন-নিসা, আয়াত ২৯)
বাজারের সবচেয়ে প্রাচীন ও সাধারণ অনিয়ম হলো ওজনে কম দেওয়া। এটা নিয়ে কুরআনের অবস্থান বিস্ময়করভাবে কঠোর। সূরা আল-মুতাফফিফিন শুরুই হচ্ছে এই ঘোষণায়:
"ধ্বংস তাদের জন্য, যারা মাপে কম দেয়; যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় নেয়, আর যখন তাদের জন্য মেপে বা ওজন করে দেয়, তখন কম দেয়।" (সুরা আল-মুতাফফিফিন, আয়াত ১–৩)
লক্ষ করার বিষয়, এই সূরাটি নাযিল হয়েছিল মক্কায় যা ছিল একটি বাণিজ্যনগরী, যেখানে মাপ-ওজন ছিল প্রতিদিনের জীবনের কেন্দ্র। অর্থাৎ কুরআন বাজারকে ধর্মের বাইরের কোনো নিরপেক্ষ অঞ্চল ভাবেনি; বরং নৈতিকতার হিসাব বাজারের ভেতরেও সমানভাবে প্রযোজ্য বলে ঘোষণা করেছে। আর এই নৈতিকতা রক্ষার দায়িত্ব কেবল ব্যক্তির নয়, সমাজেরও —
"আর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের নির্দেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।" (সুরা আলে ইমরান, আয়াত ১০৪)
আয়াতটি দায়িত্বটাকে ব্যক্তির বিবেকে সীমাবদ্ধ রাখেনি, বলেছে একটি সংগঠিত দলের কথা। ইসলামের ইতিহাসে এই "দল"-টিরই প্রাতিষ্ঠানিক চেহারা হয়ে উঠেছিল মুহতাসিব, আর তার কাজের নাম হিসবা।
রাসুলুল্লাহ (সা.)-এর পদক্ষেপ:
নবিজি (সা.) উপদেশ দিয়েই থামেননি; নিজে বাজারে গেছেন, পণ্য যাচাই করেছেন, ওজন দেখেছেন।
একদিন খাদ্যশস্যের স্তূপের ভেতরে হাত ঢোকালেন। ওপরের অংশ শুকনো, কিন্তু আঙুলে ঠেকল ভেজা মাল। তিনি জানতে চাইলেন, "এটি কী?" বিক্রেতা বললেন, "বৃষ্টির পানি লেগেছে, হে আল্লাহর রাসুল।" তিনি বললেন, "তাহলে ভেজা অংশ ওপরে রাখলে না কেন, যাতে মানুষ দেখতে পায়? যে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত নয়।" (সহিহ মুসলিম, হাদিস ১০২)
এই ঘটনায় একটা সূক্ষ্ম নীতি আছে। নবিজি পণ্যটা নিষিদ্ধ করেননি; বলেছেন, ত্রুটিটা ক্রেতাকে দেখতে দাও। অর্থাৎ ক্রেতার জানার অধিকারটাই এখানে মূল বিষয়। একইভাবে এক বিক্রেতাকে তিনি বলেছিলেন, "ওজন করো এবং একটু ঝুঁকিয়ে (বেশি) দাও।" (সুনানে আবু দাউদ, হাদিস ৩৩৩৬) — ন্যায্যতার ন্যূনতম শর্ত পূরণ নয়, বরং ক্রেতার প্রতি উদারতাও এখানে কাঙ্ক্ষিত।
মজুতদারি নিয়ে তাঁর ভাষা আরও কঠিন: "পাপী ছাড়া কেউ মজুতদারি করে না।" (সহিহ মুসলিম, হাদিস ১৬০৫)
আর বাজারে কৃত্রিম প্রভাব তৈরি করার যেসব পথ আছে, তিনি সেগুলোও বন্ধ করেছেন। ক্রেতা-বিক্রেতা যেন ঠিকমতো দাম জানতে পারে, তাই তিনি কিছু কাজ নিষেধ করেছেন: কাফেলা বাজারে পৌঁছানোর আগেই পথে গিয়ে মাল কিনে নেওয়া, কেনার ইচ্ছা না থাকলেও শুধু দাম বাড়াতে হাঁক দেওয়া, আর গ্রামের মানুষের হয়ে শহরের দালালের দাম ঠিক করে দেওয়া। এসব করলে একপক্ষ আসল দাম জানতে পারে না, আর অন্যপক্ষ সেই সুযোগে ঠকিয়ে নেয়।
শুধু ব্যক্তিগত তদারকিতে থেমে থাকেননি, তিনি দায়িত্ব অর্পণও করেছেন। মক্কা বিজয়ের পর মক্কার বাজারের দেখভালের ভার পান সা'ইদ ইবনে সা'ইদ ইবনে আল-আস, আর মদিনার বাজারের দায়িত্ব পান উমর ইবনুল খাত্তাব (রা.)। ইতিহাসে এটাকেই ইসলামের প্রথম হিসবা-ব্যবস্থার সূচনা ধরা হয়।
সাহাবীদের আমল: রাষ্ট্রের হাতে বাজার
উমর (রা.)-এর খিলাফতকালে এই দায়িত্ব একটি স্বীকৃত রাষ্ট্রীয় রুটিনে পরিণত হয়। তিনি নিজে নিয়মিত বাজার পরিদর্শনে যেতেন। মদিনার বাজারের জন্য তিনি নিযুক্ত করেন আস-সাইব ইবনে ইয়াযিদ ও আবদুল্লাহ ইবনে উতবাকে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ — তিনি বাজার তদারকিতে দুই নারী সাহাবিকেও দায়িত্ব দেন: শিফা বিনতে আবদুল্লাহ ও সামরা বিনতে নুহায়েক। ইবনে সা'দ তাঁর তাবাকাত-এ শিফার এই নিয়োগ লিপিবদ্ধ করেছেন। তাঁরা বাজারে ঘুরে ওজন-মাপ, লেনদেনের ন্যায্যতা আর আচরণের শুদ্ধতা দেখতেন।
এটা নিছক কৌতূহল নয়। ভোক্তা সুরক্ষার ইতিহাসে এটিই সম্ভবত প্রথম দৃষ্টান্ত, যেখানে রাষ্ট্রীয় তদারকির ভার নারীদের হাতেও দেওয়া হয়েছিল।
হিসবা ব্যবস্থার রাষ্ট্রীয় দপ্তরের অন্তর্ভুক্তিকরণ :
আব্বাসি যুগে হিসবা বেতনভুক্ত সরকারি পদে পরিণত হয়, বাগদাদের মতো বড় শহরে নিয়মিত মুহতাসিব নিয়োগ হতে থাকে। এই সময়েই বাজার তদারকির নির্দেশিকা নিয়ে একটি আলাদা সাহিত্যধারা গড়ে ওঠে। সিরিয়ায় আশ-শাইজারি লেখেন 'নিহায়াতুর রুতবা ফি তালাবিল হিসবা' (হিসবা চর্চার চূড়ান্ত পথনির্দেশ), আন্দালুসে ইবনে আবদুন লেখেন 'রিসালা ফিল কাজা ওয়াল হিসবা' (বিচার ও হিসবা বিষয়ক পুস্তিকা), আর মামলুক মিশরে ইবনুল উখুওয়া (মৃ. ১৩২৯) লেখেন 'মাআলিমুল কুরবা ফি আহকামিল হিসবা' (হিসবার বিধান-বিষয়ক পথনির্দেশিকা)।
এসব বই থেকে দেখা যায়, মুহতাসিবের কাজ ছিল অনেক বিস্তৃত। তিনি বাটখারা ও দাঁড়িপাল্লা যাচাই করতেন, ঘি-মধুতে ভেজাল ধরতেন, আর দেখতেন ওপরে ভালো মাল সাজিয়ে নিচে নষ্ট মাল রাখা হয়েছে কি না। পরিচ্ছন্নতা, রাস্তা দখল ও কসাইখানার স্বাস্থ্যবিধিও তাঁর দায়িত্বে পড়ত। এমনকি শ্রমিকের পাওনা মজুরি আটকে রাখা হচ্ছে কি না, সেটাও তিনি খতিয়ে দেখতেন।
আধুনিক ভাষায় ওজন-পরিমাপ পরিদর্শক, খাদ্য-নিরাপত্তা কর্মকর্তা, পৌর পরিদর্শক ও শ্রম পরিদর্শকের কাজ একজনের হাতে।
এই ধারা অটোমান আমলে পৌঁছে আইনের লিখিত রূপ নেয়।
পঞ্চদশ-ষোড়শ শতকের মোড়ে দ্বিতীয় বায়েজিদের আমলে ইস্তাম্বুলের জন্য 'ইহতিসাব কানুননামা' প্রণীত হয়, যেখানে পণ্যের দামের তালিকা, অনুমোদিত মুনাফার হার ও অনিয়মের শাস্তি লিখিত ছিল। উনিশ শতকের তানজিমাত সংস্কারে মুহতাসিব পদ বিলুপ্ত হয়, তার জায়গায় আসে আধুনিক পৌর প্রশাসন।
এই ব্যবস্থাকে পরে যাঁরা তত্ত্বের আকার দেন, তাঁদের মধ্যে প্রধান আল-মাওয়ার্দি, ইবনে তাইমিয়া (তাঁর আল-হিসবা ফিল ইসলাম) এবং ইবনুল কাইয়িম। তাঁদের মূল কথা সংক্ষেপে এই: রাষ্ট্রের কাজ বাজারের জায়গা নেওয়া নয়, বাজারের ন্যায্যতা রক্ষা করা।
বাংলাদেশে কীভাবে কাজে লাগতে পারে :
আজ 'মুহতাসিব' নামে কোনো পদ নেই, কিন্তু তাঁর কাজের চরিত্র নানা নামে ছড়িয়ে আছে - জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, বিএসটিআই, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ, আর অভিযোগের জন্য ১৬১২১ হটলাইন। কাঠামো আছে, প্রশ্নটা প্রয়োগে।
প্রথমত, নিয়মিত উপস্থিতি। মুহতাসিবের সবচেয়ে বড় শক্তি ছিল তিনি বাজারে থাকতেন। সপ্তাহে একদিন নয়, প্রতিদিন। অভিযানভিত্তিক তদারকি দুর্বলতা ছাড়া আর কিছুই তৈরি করে না, কারণ ব্যবসায়ী জানেন কখন ঝুঁকি আর কখন নয়। প্রতিটি বড় বাজারে স্থায়ী তদারকি কক্ষ, নিয়মিত ওজন-যাচাই আর প্রকাশ্যে ফলাফল এই সরল ব্যবস্থাটাই সবচেয়ে বড় প্রতিরোধ।
দ্বিতীয়ত, তথ্যের স্বচ্ছতা। নবিজি ভেজা শস্য ঢেকে রাখতে নিষেধ করেছিলেন; আধুনিক রূপে এর মানে পণ্যের উৎস, মান, মেয়াদ এবং দামের ভিত্তি ক্রেতার জানার সুযোগ পাওয়া। বড় বাজারে দৈনিক দামের তালিকা প্রদর্শন, প্যাকেটে স্পষ্ট লেবেলিং আর মুনাফার বাস্তব হিসাব প্রকাশ এসবই সেই একই নীতির প্রয়োগ।
তৃতীয়ত, সিন্ডিকেটের জবাবে সরবরাহের পথ খোলা রাখা। মজুতদারি দমনের আসল উপায় কেবল গুদামে অভিযান নয়। আমদানি, পরিবহন ও পাইকারি স্তরে প্রতিযোগিতা বজায় রাখা, যাতে কৃত্রিম সংকট তৈরির সুযোগই না থাকে। এখানেই প্রতিযোগিতা কমিশনের ভূমিকা সবচেয়ে জরুরি।
চতুর্থত, দ্রুত প্রতিকার। মুহতাসিবের শক্তি ছিল তাৎক্ষণিকতা। অনিয়ম দেখলেই ব্যবস্থা। ভোক্তার অভিযোগ যত দ্রুত নিষ্পত্তি হবে, ব্যবস্থার প্রতি আস্থা তত বাড়বে; আর আস্থা না থাকলে কোনো আইনই কাজ করে না।
আর সবশেষে, নৈতিক কর্তৃত্ব। উমর (রা.)-এর আমলে ব্যবস্থাটা টিকেছিল কারণ মানুষ জানত, রাষ্ট্র নিজেই সৎ। ব্যবসায়ীরাও জানতেন, প্রতারণা কেবল আইন ভাঙা নয়, বিবেকেরও বিরুদ্ধে। শুধু জরিমানা দিয়ে সেই ভেতরের নিয়ন্ত্রণ তৈরি হয় না — দরকার ব্যবসায়ী সমিতি, বাজার কমিটি আর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ, যেখানে সততার বাণিজ্যিক মূল্যও থাকে।
মদিনার সেই ভেজা শস্যের স্তূপে ফিরে আসি। নবিজির প্রশ্নটি ছিল খুব সাধারণ: ভেজা অংশ ওপরে রাখলে না কেন? তিনি কোনো বাহিনী পাঠাননি, নতুন আইন বানাননি। শুধু ক্রেতাকে দেখার সুযোগ করে দিতে বলেছেন। আজকের বাজারেও আসল প্রশ্ন সেটাই। ক্রেতা যা কিনছেন, তা দেখার ও জানার সুযোগ পেলেই বাজার ন্যায্য হয়। হিসবার স্থায়ী শিক্ষা এই তিনটিতেই: সত্য জানার অধিকার, প্রতারণার তাৎক্ষণিক প্রতিকার, আর ব্যবসায়ীর বৈধ মুনাফার প্রতি সম্মান।
-লেখক: শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
শিফা আক্তার:“শিক্ষা আছে ডিগ্রি আছে চাকরি কেন নাই? এই প্রশ্নটি সচেতনচিত্তে একটু নিজেকে করে দেখুন তো।” ডিগ্রি মানুষকে শিক্ষিত হিসেবে প্রমাণিত করার একটি উপায় মাত্র- কিন্তু শুধু ডিগ্রি অর্জনের দ্বারাই একজ ...
তাজরিন আক্তার মানছুরা: পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নাম্বার আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, “পৃথিবীতে যা কিছু আছে, তার সবই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন।”সুতরাং পৃথিবীর কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি ...
তাহমিদা খানম: আমরা যে শ্রেণিকক্ষের সঙ্গে পরিচিত—সামনে একজন শিক্ষক, পেছনে সারিবদ্ধ ডেস্কে বসে থাকা শিক্ষার্থীরা, নির্দিষ্ট সময়সূচি, পাঠ্যক্রম ও পরীক্ষা—তা কি কেবল শিক্ষার্থীদের শেখানোর সুবিধার্থে তৈরি ...
সামীনা জান্নাত:বাংলার প্রকৃতি চিরকালই ঋতুবদলের রঙে রঙিন। ষড়ঋতুর এই দেশে এক ঋতু বিদায় না নিতেই আরেক ঋতু এসে নিঃশব্দে জায়গা করে নেয় প্রকৃতির আঙিনায়। শরতের কাশফুলের শুভ্র সৌন্দর্য ফিকে হওয়ার সাথে সাথে প ...
সব মন্তব্য
No Comments