পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড

প্রকাশ : 30 Sep 2026
পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সড়কে উল্টো পথে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের ঘটনায় দুই জনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন- মোসা: স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান। ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে মোটরসাইকেল নিয়ে আসছিলেন তারা। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট তাদের থামার সংকেত দেন। মোটরসাইকেল থামানোর পর সার্জেন্ট উল্টো পথে চলার কারণ জানতে চান এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।


এ সময় দুই আরোহী সার্জেন্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। ভিডিওতে নারী আরোহীকে সার্জেন্টের দিকে তেড়ে যাওয়ার মতো আচরণ করতে দেখা যায়, এতে সেখানে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।


পরে সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে প্রকাশ্য সড়কে অসদাচরণ ও হেনস্তার অভিযোগে তাদের আটক করা হয়। এরপর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।


এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করতে ডিএমপি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। ট্রাফিক আইন অমান্য, সরকারি কাজে বাধা প্রদান কিংবা দায়িত্বরত পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

;