ডিসেম্বরেই নির্বাচন দাবী জানিয়েছে গণফোরাম

প্রকাশ : 30 May 2025
ডিসেম্বরেই নির্বাচন দাবী জানিয়েছে গণফোরাম

ডেস্ক রিপোর্ট:  গণফোরাম সভাপতি পরিষদের এক সভা শুক্রবার ( ৩০ মে ২০২৫ ) বিকাল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নিম্নোক্ত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস জাপান সফরে গিয়ে একটি দল ছাড়া আর অন্য কোনো দল জাতীয় নির্বাচন চায় না বলে যে মন্তব্য করেছেন তা সঠিক নয়। গণফোরাম অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে। কিন্তু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে প্রতীয়মান হচ্ছে। এর ফলে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।


 


গণঅভ্যুত্থানের সুফল পাওয়ার জন্য দেশে গণতন্ত্র,আইনের শাসন এবং ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে সরকার ব‍্যর্থ হয়েছে। এ দায় রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দেয়া হবে দুঃখজনক।

সম্প্রতি প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন ও কয়েকটি রাজনৈতিক দলের সাথে সরকারের বৈঠক জাতিকে আরো হতাশ করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে এবারের বৈঠকে গণফোরামের আমন্ত্রণ না জানানোর ফলে সরকার ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছে।


সভায়, গত ৯ মাসে সরকার আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও জনপ্রশাসনের অস্থিরতা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এছাড়া অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার বা দৃশ্যমান কোনো ভূমিকা এখনো লক্ষ্য করা যায়নি। এর ফলে,সরকারের প্রতি জনসমর্থন যেমন হ্রাস পাচ্ছে তেমনি রাজনৈতিক দলে মধ্যে এবং জনমনে সংশয় তৈরি হয়েছে।


গণফোরাম সভাপতি পরিষদের সভায় অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণার দাবি জানানো হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে,কোনো অশুভ শক্তি যাতে এই ঐক্য বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভাপতি পরিষদের অন্যতম সদস্য এডভোকেট এস এম আলতাফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ডা.মে.মিজানুর রহমান,সভাপতি পরিষদ সদস্য সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী,এডভোকেট জগলুল হায়দার আফ্রিক,মেজবাহউদ্দীন,মোশতাক আহমেদ,এডভোকেট সুরাইয়া বেগম,এডভোকেট সেলিম আকবর ,শাহ নুরুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

;