গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে, হাইকোর্টের রায়

প্রকাশ : 10 Sep 2026
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে, হাইকোর্টের রায়

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালত গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের ওপর জারি করা রুল খারিজ করে দেন। এর ফলে আয়কর বাবদ ওই অর্থ আদায়ে এনবিআরের আর কোনো আইনি বাধা থাকলো না।


আদালত সূত্রে জানা গেছে, তিন অর্থবছরের মধ্যে এই ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে। আজ আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল। 


মামলার নথি থেকে জানা যায়, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ এই পাঁচ করবর্ষের জন্য পুনর্মূল্যায়নের পর কর কমিশনার গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা কর দাবি করেন। ওই দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক দুটি রিট করে প্রতিষ্ঠানটি। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। 


এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ শুনানি শেষে গ্রামীণ কল্যাণের রিট খারিজ করে এনবিআরের দাবি বহাল রাখেন। রায়ের পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।


জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিতভাবে ওই রায় প্রত্যাহার করে নেন এবং মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।


নতুন বেঞ্চে পুনরায় শুনানি শেষে আজ রুল খারিজ করায় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত এলো। 


সম্পর্কিত খবর

;