ককপিটে কারিগরি ত্রুটি, প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে উড়াল দিল প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান

প্রকাশ : 29 Oct 2026
ককপিটে কারিগরি ত্রুটি, প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে উড়াল দিল প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান

বিশেষ প্রতিনিধি: ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলম্বে উড্ডয়ন করেছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপকের উপস্থিতিতে বিমানের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। সফল মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটিকে পুশব্যাক করা হয় এবং রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি নিরাপদে বাংলাদেশের উদ্দেশে নারিতা বিমানবন্দর ত্যাগ করে। এটি রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।


এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে এই ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করা হয়েছিল। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজের কারিগরি ত্রুটি ধরা পড়ার পর প্রকৌশলীরা অবিলম্বে তা মেরামতের কাজ শুরু করেন। পরবর্তীতে বিমানের ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল সফলভাবে ফ্লাইটটির ত্রুটি সারাতে সক্ষম হয়।


ফ্লাইটের এক যাত্রী জানান, নির্ধারিত সময়ে বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। তবে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে ‘স্পয়লার’ সংক্রান্ত একটি প্রযুক্তি সংকেত দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন পাইলট এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটিকে নির্দিষ্ট পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। মেরামতে দীর্ঘ সময় লাগায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে অপেক্ষা করেন।


উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। এছাড়া তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সফরকালে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় সভায় অংশ নেন।


সম্পর্কিত খবর

;