জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ার পর বাস ভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

প্রকাশ : 22 Sep 2026
জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ার পর বাস ভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব


স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সিটি সার্ভিসে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। 


সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন এবং সেখানে এই প্রস্তাব দেওয়া হয়। বৈঠকটি দুপুর ৩টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন। 


প্রস্তাব অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে মালিক সমিতি। সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে। 


মালিকপক্ষের যুক্তি, জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে প্রতি কিলোমিটারে ১ পয়সা হিসেবে ভাড়া সমন্বয় করা হয়। সে হিসাবে ২০ টাকা বৃদ্ধিতে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিআরটিএ সূত্র জানিয়েছে, কর্মকর্তারা প্রস্তাবটি সচিবালয়ে নিয়ে গেছেন এবং এক-দুই দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে। 


এদিকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগেই বিভিন্ন টার্মিনালে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দূরত্বভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। দক্ষিণাঞ্চলের রুটে ঢাকা-খুলনাসহ বিভিন্ন রুটে যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা, যা নিয়ে যাত্রীদের সঙ্গে বিরোধের আশঙ্কা তৈরি হয়েছে। 


সম্পর্কিত খবর

;