জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : 22 Sep 2026
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হোটেলের সামনে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল ও স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। নিউইয়র্ক সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম অংশগ্রহণ। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রতিনিধি দলে আরও রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 


জাতিসংঘের তথ্য অনুযায়ী ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং হাই-লেভেল সপ্তাহ ও সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে ২২ থেকে ২৮ সেপ্টেম্বর। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Restoring trust, managing transformation: A United Nations that delivers for all’। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 


আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুপাক্ষিক আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার প্রাধান্য পাবে বলে জানানো হয়েছে। 


প্রকাশিত সফরসূচি অনুযায়ী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের জন্য স্বাগত প্রাতরাশ এবং উদ্বোধনী পর্বে যোগ দেবেন। এদিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কসহ বিভিন্ন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট, জলবায়ু পদক্ষেপ ও ন্যায়সঙ্গত রূপান্তর শীর্ষক আলোচনায় অংশগ্রহণ এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ রয়েছে। ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সাধারণ পরিষদে নির্ধারিত ১৫ মিনিটের ভাষণ এবং ২৫ সেপ্টেম্বর জেপিমরগান হেডকোয়ার্টার্সে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সাথে প্রাতরাশ বৈঠকের পর রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে।


সম্পর্কিত খবর

;