ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন

প্রকাশ : 30 Aug 2026
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন


স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনে (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) অনুষ্ঠিতব্য উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজলুম জননেতা মোঃ দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। 


রবিবার (৩০ আগষ্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দেলাওয়ার হোসেনকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসাবে ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। 


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল হিসেবে দেশের সকল নির্বাচনে অংশ গ্রহণ করে থাকে। আমরা আশা করি জনগণ যদি পছন্দ অনুযায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী বিজয়ী হবে ইনশাআল্লাহ। 


সকল পর্যায়ের দায়িত্বশীলগণকে (পুরুষ ও মহিলা) সকল বাঁধা, প্রলোভন, উসকানি মোকাবিলায় সাহস, ধৈর্য ও প্রজ্ঞার সাথে অনুষ্ঠিতব্য নির্বাচনে অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, জনগণ বিগত নির্বাচনে উৎসাহের সাথে দাঁড়িপাল্লায় ভোগ দিয়েছিল। জনপ্রত্যাশা ছিল জামায়াত নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। কিন্তু মানুষ মনে করে নির্বাচন দৃশ্যত সুষ্ঠু হলেও ফলাফল জালিয়াতির মাধ্যমে জামায়াতের বিজয়কে ঠেকিয়ে দেওয়া হয়েছে। 


জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল টিম সদস্য, ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম ও দিনাজপুর জেলার সাবেক আমীর জননেতা আনোয়ারুল ইসলাম এবং পঞ্চগড় জেলা আমীর ইকবাল হোসেন প্রমুখ। ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় জেলা কর্মপরিষদ ও ইসলামী ছাত্রশিবিরসহ সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা, পৌরসভা, ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। উক্ত জাতীয় নির্বাচনেও ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন দেলাওয়ার হোসেন। শীঘ্রই এ আসনে নির্বাচনের তফসীল ঘোষণা করবে নির্বাচন কমিশন। 


প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম আরও বলেন, জুলাই জাতীয় সনদ কার্যকর এবং গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য ঘোষিত ঢাকা টু রংপুর লংমার্চ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিকে সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 


সম্পর্কিত খবর

;