ভারতে মুসলিমদের থাকার অধিকার নিয়ে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত

মুসলিমদের বের করে দেওয়া হিন্দুত্ববাদ নয়

প্রকাশ : 30 Aug 2026
মুসলিমদের বের করে দেওয়া হিন্দুত্ববাদ নয়

ডেস্ক রিপোর্ট: ভারতে মুসলিমদের বসবাসের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের থাকার অধিকার নেই, তাহলে সেই ব্যক্তি আর প্রকৃত হিন্দু থাকবেন না, বরং তিনি ধর্মের মূল আদর্শ থেকে বিচ্যুত হবেন। 


যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) নিউইয়র্কে আয়োজিত 'ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হিউম্যানিটি' শীর্ষক ফেইথ লিডারস কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে আমেরিকান হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ (AHEAD) ফোরাম। পরে একই দিনে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সংগঠনের শতবর্ষ উপলক্ষে আয়োজিত 'ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন' অনুষ্ঠানেও তার বক্তব্য দেওয়ার কথা ছিল। 


অনুষ্ঠানে মোহন ভাগবত জানান, ২০১৮ সালে তার এক বক্তৃতা সিরিজের সময় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা তাকে প্রশ্ন করেছিলেন যে আরএসএসের 'হিন্দু রাষ্ট্র' ধারণার অর্থ মুসলিমদের দেশ থেকে বের করে দেওয়া হবে কি না। জবাবে তিনি বলেন, "In 2018, during my lecture series, Muslim brothers asked me that I talk about Hindu Rashtra and if that meant Muslims would be driven out. I said no, that is not Hindutva." 


তিনি আরও বলেন, "If any Hindu thinks there should be no Muslims in India, he will not remain Hindu"। তার ভাষায়, হিন্দু হতে হলে বিশ্বাস করতে হবে সব পথ একই ঈশ্বরের দিকে নিয়ে যায় এবং প্রতিটি মানুষের মর্যাদা সমান। মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। 


আরএসএস প্রধান তার বক্তব্যে বলেন, বৈচিত্র্য আমাদের অন্তর্নিহিত ঐক্যের অলংকরণ। বৈচিত্র্য প্রকৃতির নিয়ম, আর ঐক্য প্রকৃতির পেছনের সত্য। ভারত ঐতিহাসিকভাবে বিভিন্ন ধর্মের মানুষকে আশ্রয় দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 


এদিকে মোহন ভাগবতের এই সফর ঘিরে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এই র‍্যালিকে সমর্থন করেন না বলে জানিয়েছেন, তবে শহরের এখতিয়ারে ব্যক্তিগত অনুষ্ঠান বাতিলের সুযোগ আছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন। 


এছাড়া হিন্দুস ফর হিউম্যান রাইটস, ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলসহ কয়েকটি মানবাধিকার সংগঠন "No Platform for Hate" ব্যানারে প্রতিবাদ জানায় এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাকে মঞ্চ না দেওয়ার আহ্বান জানায়। এমনকি ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (USCIRF) এর চেয়ারম্যান আসিফ মাহমুদ আরএসএস সদস্যদের বিরুদ্ধে টার্গেটেড নিষেধাজ্ঞা এবং মোহন ভাগবতের ভিসা বাতিলের আহ্বান জানান। 


উল্লেখ্য, আরএসএস ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার আদর্শে বিশ্বাসী এবং ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সংগঠনটির দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক রয়েছে। সংগঠনটির বিরুদ্ধে বিভিন্ন সময় সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত থাকার অভিযোগ থাকলেও নিউইয়র্কের অনুষ্ঠানে মোহন ভাগবত সংলাপ ও সেবার মাধ্যমে সমাজে ঐক্য গড়ার ওপর জোর দেন।


সম্পর্কিত খবর

;