অনিক রায়, ফরিদপুর অফিস: বসন্তের প্রথম আলোর সঙ্গে সঙ্গে প্রকৃতি যেন নিজেই পরিধান করে অগ্নিরঙা এক শাড়ি। মাঠের ধুলো, গ্রামের পথ, শহরের প্রান্তর—সবখানেই ছড়িয়ে পড়েছে আগুনরাঙা পলাশের দীপ্তি।
ঋতুরাজের এই আবির্ভাবে,ফরিদপুর শহরও যেন পেয়েছে নতুন প্রাণ। বিশেষ করে ফরিদপুর প্রেস ক্লাব চত্বর আজ রঙের উচ্ছ্বাসে ভরপুর; সবুজের বুক চিরে কমলা-লালের শিখা হয়ে ফুটে আছে পলাশ।
দিনভর ই দেখা যায় দর্শনার্থীদের।কেউ দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখেছেন, কেউবা স্মার্টফোনে (মুঠোফোনে) বন্দি করেছেন মুহূর্তটি। কালো কুশির ফাঁকে ফাঁকে ফুটে থাকা পলাশ যেন দূর থেকে দেখলে মনে হয়—সবুজের ভেতর দাউদাউ করে জ্বলছে অগ্নিশিখা। বসন্তের এই রঙিন ভাষা নিঃশব্দে ছুঁয়ে যায় মানুষের মন।
পলাশের বৈজ্ঞানিক নাম Butea monosperma। এটি Fabaceae (ফ্যাবেসি) পরিবারভুক্ত একটি মাঝারি আকারের পর্ণমোচী বৃক্ষ, যা বসন্তকালে উজ্জ্বল লাল-কমলা রঙের ফুলের জন্য পরিচিত।ইংরেজিতে একে 'Flame of the Forest' বা অরণ্যের অগ্নিশিখাও বলা হয়।
গড়ে প্রায় ১৫ মিটার উচ্চতার এই বৃক্ষের শাখা-প্রশাখায় থোকায় থোকায় ফোটে ফুল। এর পাপড়ির গঠন বাঘের নখের মতো বাঁকানো; সামনে চওড়া, পেছনে ডানার মতো বিস্তৃত, আবার কোথাও পাখির ঠোঁটের মতো অবয়ব—যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক শিল্পকর্ম। পলাশের আরও কিছু নাম রয়েছে—কিংশুক, পলাশক, বিপর্ণক—যা তার ঐতিহ্য ও বিস্তৃত সাংস্কৃতিক পরিচয়ের সাক্ষ্য বহন করে।
বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে পলাশের উপস্থিতি অনিবার্য। প্রাচীন মহাকাব্য মহাভারত-এর সভাপর্বে ইন্দ্রপ্রস্থ নগরের যে বর্ণনা পাওয়া যায়, সেখানে উদ্যান ও জলাধারের পাশে পলাশের উল্লেখ রয়েছে। কেবল সাহিত্যেই নয়, ধর্মীয় আচারেও পলাশের গুরুত্ব সুপ্রাচীন। সরস্বতী পূজা ও দোলযাত্রায় পলাশের রঙ ব্যবহারের ঐতিহ্য রয়েছে ভারতীয় উপমহাদেশজুড়ে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মিয়ানমার, লাওস ও ভিয়েতনামে এই বৃক্ষ জন্মে থাকে। এর রয়েছে ভেষজগুণ; কাঠ দিয়ে তৈরি চামচ হিন্দু ধর্মীয় আচারেও ব্যবহৃত হয়।
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধাণ জনাব শহীদুল ইসলাম বাবু বলেন, “পলাশ যেন বসন্তের হৃদস্পন্দন। তার দাউদাউ লাল আভা আমাদের জাতীয় চেতনা, আত্মত্যাগ আর গভীর আবেগকে নতুন করে জাগিয়ে তোলে।” তিনি আরও বলেন, শীতের নিস্তব্ধতা ভেঙে প্রকৃতির ক্যানভাসে আগুনরঙা স্বপ্ন আঁকে পলাশ।
আক্ষেপের সুরে তিনি যোগ করেন, “একসময় গ্রামবাংলার পথঘাট পলাশের রঙে রাঙা থাকত, এখন সে দৃশ্য ক্রমেই হারিয়ে যাচ্ছে। নানা অবহেলা আর অপরিকল্পিততার কারণে আমাদের প্রিয় দেশীয় বৃক্ষ আজ সংকটে।”
পরিবেশবিদ প্রফেসর আলতাব হোসেন মনে করেন, দেশীয় বৃক্ষ সংরক্ষণে এখনই সচেতন না হলে আগামী প্রজন্ম হয়তো শুধু গল্পেই পলাশের রূপ চিনবে। তাঁর কথায়, “পলাশসহ দেশীয় গাছ বেশি করে রোপণ ও পরিচর্যা করলে প্রকৃতি যেমন ভারসাম্য ফিরে পাবে, তেমনি সমৃদ্ধ হবে আমাদের জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ পৃথিবী।”
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, “ক্লাব প্রাঙ্গণে ফুটে থাকা পলাশ প্রতিদিনই মানুষকে টানে। এর রং হৃদয়ে দোলা দেয়।” সত্যিই, এই একটি গাছই যেন শহরবাসীর মনে বসন্তের বার্তা পৌঁছে দিচ্ছে।
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। বুধবার (১০ জুন) দুপুরে পবা উপজ ...
সব মন্তব্য
No Comments