মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের প্রস্থানের প্রস্তুতি নিতে বলেন যুক্তরাষ্ট্র

প্রকাশ : 02 Aug 2026
মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের প্রস্থানের প্রস্তুতি নিতে বলেন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে থাকা নিজ দেশের নাগরিকদের জন্য জরুরি ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশে থাকা আমেরিকান নাগরিকদের অবিলম্বে বাণিজ্যিক ফ্লাইটে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে বলেছে।


আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী সচিব মোরা নামদার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে এই পরামর্শ দেন। তিনি বলেন, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্য ত্যাগ করা উচিত।


এই সতর্কতা জারি করা হয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন সহ ১৪টি দেশের জন্য। বিবৃতিতে বলা হয়েছে, উপলব্ধ বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে অবিলম্বে প্রস্থানের জন্য প্রস্তুত হোন।


ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়া এবং ওই অঞ্চলে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার প্রেক্ষাপটে এই সতর্কতা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে আরও অবনতি হতে পারে।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস আগেই তাদের কর্মীদের একটি হুমকির কারণে কূটনৈতিক স্থান ত্যাগ করার কথা জানিয়েছিল। এছাড়া বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য একটি বিশ্বব্যাপী সতর্কতাও জারি করা হয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা আমেরিকানদেরও এই অঞ্চলে ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।


গালফ নিউজ জানিয়েছে, এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য জুড়ে সরকারগুলো সতর্কতার মাত্রা বাড়িয়েছে। আকাশসীমা বন্ধ হওয়া এবং নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তর নাগরিকদের স্থানীয় সংবাদ এবং সরকারি নির্দেশনা নিবিড়ভাবে অনুসরণ করার পরামর্শ দিয়েছে।


সম্পর্কিত খবর

;