শাহজাহানপুরে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন, বোন-ভগ্নিপতি গ্রেফতার

প্রকাশ : 08 Oct 2026
শাহজাহানপুরে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন, বোন-ভগ্নিপতি গ্রেফতার


স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহজাহানপুরে মোহাম্মদ ফকরুল হাসান ফরহাদ (৪৪) কে গলা কেটে হত্যার ঘটনায় নিহতের বড় বোন ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে উত্তর শাহজাহানপুরের একটি বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। রাত সাড়ে ৯টার দিকে নিহতের স্ত্রী বাসায় ফিরে স্বামীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।


পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে লাল রঙের হেলমেট পরিহিত একজন সন্দেহভাজনকে চলাচল করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার তোপখানা রোডের একটি অফিস থেকে নিহতের ভগ্নিপতি আব্দুস সামাদ সুজন (৫৮) কে গ্রেফতার করা হয়। পরে তার বড় বোন নুর আফসানা নিপা (৪৫) কেও গ্রেফতার করা হয়।


জিজ্ঞাসাবাদে সুজনের দেওয়া তথ্য অনুযায়ী একটি লাল হেলমেট, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে। পোশাকটি ধোয়া অবস্থায় পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে রক্তের নমুনা, হাতের নখের সোয়াব, মোবাইল ফোন, সিগারেটের বাটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডির ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠালে বিজ্ঞ আদালত জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, বাসার দখল, বসবাস, গ্যাস-পানির বিল পরিশোধ এবং পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে নিহতের সঙ্গে তার বোন ও ভগ্নিপতির দ্বন্দ্ব ছিল। প্রাথমিকভাবে এসব বিরোধকেই হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ, পরিকল্পনা ও প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা এখনো তদন্তাধীন।


এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

;