বোচাগঞ্জে মোবাইল কোর্টের অভিযান: ১৯৪ বস্তা সার জব্দ, জরিমানা

প্রকাশ : 04 Nov 2026
বোচাগঞ্জে মোবাইল কোর্টের অভিযান: ১৯৪ বস্তা সার জব্দ, জরিমানা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২ নং ঈশানিয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামে পূর্বপ্রাপ্ত সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৯৪ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। এ সময় একজনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে মোঃ মুক্তা আলম, পিতা- নুরুল হকের বসতবাড়ি থেকে ১৪০ বস্তা সার (টিএসপি, এমওপি, ডিএপি ও ইউরিয়া) জব্দ করা হয়। তবে অভিযুক্তকে বাড়িতে পাওয়া না যাওয়ায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


অন্যদিকে, মোঃ বেলাল হোসেন, পিতা- মোঃ আবেদ আলীর বাড়ি থেকে ৫৪ বস্তা সার (টিএসপি, এমওপি, ডিএপি ও ইউরিয়া) উদ্ধার করা হয়। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত সারের জব্দনামা প্রস্তুত করা হয়েছে। সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।


অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মারুফ হাসান।


জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সম্পর্কিত খবর

;