স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের বরাতে একটি সূত্র দাবি করেছে, গ্রেফতার মিজানুর কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা এবং গ্রেফতারের সময় সংসদ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেফতার মিজানুরের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং সবকিছু যাচাই-বাছাই চলছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাঁচটি পিকআপে করে ১৫০ থেকে ২০০ জনের একটি দল দেশীয় অস্ত্র, শটগান, রিভলবার, চাপাতি, রামদা নিয়ে নিউগিনি প্রোপার্টিজের প্রকল্পে প্রবেশ করে। এ সময় তারা প্রায় ৫০ রাউন্ড ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে, মেইন গেট, থাই গ্লাস, কেঁচি গেট, অফিসের কম্পিউটার, ফ্রিজ, টিভি ভাঙচুর করে এবং সাইড ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা কর্মীদের মারধর করে। একই প্রকল্পের তিন তলায় অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ স্টুডিওতেও হামলা চালিয়ে ২টি টিভি, এসি, ফার্নিচার, দামি শুটিং ও টেকনিক্যাল ইকুইপমেন্ট ভাঙচুর করা হয়। স্টুডিওর ক্ষতি ৯৫ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা প্রকল্পের অফিসের লকার ভেঙে নির্মাণ সামগ্রী কেনার জন্য রাখা নগদ ২৫ লাখ টাকা, ৫৫ লাখ টাকা মূল্যের ২০০ ফুট বৈদ্যুতিক তার, ২৩ টন রড এবং একটি স্কুটারসহ প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায়। তখন পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে পিস্তলের ৫টি গুলির খোসা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় রোববার (২৭ সেপ্টেম্বর) নিউগিনি প্রোপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, মিজানুর রহমান, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না। এছাড়া অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থল থেকে এবং ২ জনকে ডিবি গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে মামুন, আসলাম ও মুন্নাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখল ও বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments