কেরানীগঞ্জে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ আটক ১

প্রকাশ : 25 Sep 2026
কেরানীগঞ্জে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ আটক ১

স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ।


গ্রেফতারকৃতের নাম- জাহিদ হাসান ইমন (৩০)।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


থানা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী, শ্যামপুরসহ সংশ্লিষ্ট থানা পুলিশ সমন্বিতভাবে কাজ শুরু করে। তদন্তের একপর্যায়ে জাহিদ হাসান ইমনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়।


এরই ধারাবাহিকতায় শ্যামপুর মডেল থানা পুলিশ শুক্রবার ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘাসুর এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে।


পুলিশ জানায়, গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ককটেল তৈরিতে ব্যবহৃত কস্টিক সোডা ১ কেজি ৫০০ গ্রাম, সালফার ১ কেজি ৬০০ গ্রাম, মার্বেল ৫ কেজি, ১ ইঞ্চি তারকাঁটা ২ কেজি, লাল কস্টেপ ২০টি ও কালো কস্টেপ ১১টি, ৩ কার্টনে ৯ হাজার পিস কাগজের মুখোশ, মুখোশের ইলাস্টিক ৩০ প্যাকেট এবং জাইপান ব্র্যান্ডের একটি ব্লেন্ডার ও একটি জার উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন স্বীকার করে, লালবাগের এক নেতার মাধ্যমে অজ্ঞাত এক ভ্যানচালকের সাহায্যে মুখোশগুলো তার কাছে পাঠানো হয়। বিভিন্ন নেতা-কর্মীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে সেগুলো তার বাসায় মজুদ রাখা হয়েছিল।


ডিএমপি জানায়, গ্রেফতারকৃত ইমনের বিরুদ্ধে শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুইটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

;