বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত

ঘূর্ণিঝড়ের পূর্বভাস,সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ : 15 Nov 2026
ঘূর্ণিঝড়ের পূর্বভাস,সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-০১-এ জানানো হয়েছে, আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ৬টায় নিম্নচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ৯.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


 বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।


নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর পুনঃ ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, এ ব্যবস্থাটি ১৬-১৭ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে এবং পরে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’ বা ‘আকওয়ান’, নামটি ইরানের প্রস্তাবিত। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির চূড়ান্ত গতিপথ ও আঘাতের স্থান এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি। 


এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, ১৮ নভেম্বরের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 


ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৩ মিনিটে। 


সম্পর্কিত খবর

;