নৌ-অবরোধের পর এবার ইরানের স্থল বাণিজ্যে নজরদারি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, গঠন হচ্ছে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’

প্রকাশ : 07 Nov 2026
নৌ-অবরোধের পর এবার ইরানের স্থল বাণিজ্যে নজরদারি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, গঠন হচ্ছে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে একটি নতুন টাস্ক ফোর্স গঠন করতে যাচ্ছে। বার্তাসংস্থা রয়টার্স শনিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে চলা নৌ-অবরোধের পর এই টাস্ক ফোর্স ইরানের উন্নত অস্ত্র ব্যবস্থা ও নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য উপকরণ স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে পরিবহনের চেষ্টা ঠেকাতে কাজ করবে। সেন্টকমের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, ঘোষণাটি শনিবারই আনুষ্ঠানিকভাবে দেওয়ার কথা রয়েছে। 


নতুন এই টাস্ক ফোর্সের সদর দপ্তর হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায়। এটি মার্কিন সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। অস্ত্র পরিবহন ঠেকানোর পাশাপাশি দ্বৈত ব্যবহারযোগ্য (ডুয়াল-ইউজ) পণ্য এবং অবৈধ রাজস্ব প্রবাহের ওপরও নজর দেবে এই টাস্ক ফোর্স। 


সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বিবৃতিতে বলেন, মার্কিন আন্তঃসংস্থা অংশীদারদের সঙ্গে সেন্টকমের সহযোগিতা আরও জোরদার করা হলে সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক শক্তি পুনরুদ্ধারে ইরানের সক্ষমতা আরও সীমিত হবে। 


সেন্টকমের হিসাবে, চলমান নৌ-অবরোধের কারণে ইরান ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে পারেনি। নতুন স্থল ও কাস্পিয়ান নজরদারির মাধ্যমে ওয়াশিংটন তেহরানের ওপর চাপ আরও বাড়াতে চাইছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। 


সম্পর্কিত খবর

;