স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে রাজধানীর অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
সবশেষ ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে রাজধানীর সচিবালয় মেট্রো স্টেশনের নিচে। জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে অবস্থিত ওই স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী।
এর আগে রাত ১১টার দিকে রাজধানীর মিরপুরের কালশীতে একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসের পেছনের আসনে বসেছিল। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, আগুন লাগার পর বাসের চালক ও হেলপার সেখান থেকে সরে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে গেছে।
একই রাতে রাত আনুমানিক পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে থাকা এক যাত্রী জানান, মেঘলা পরিবহনের একটি বাস গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। দুই যুবক উঠে বাসের পেছনের দিকে চলে যান। এর দুই থেকে তিন মিনিট পর বাসের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবাই বাস থেকে নেমে যান। আর ওই দুজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের একেবারে পেছনের বাম পাশের কোণার একটি আসনে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বাস থেকে নেমে যান।
এদিকে শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের জোরপুল এলাকায় পার্ক করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানিয়েছেন, বাসটি গত দুই দিন ধরে মহাসড়কের পাশে পার্ক করা ছিল। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসে আগুন দেওয়ার পাশাপাশি শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মিজান নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এরপর রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে একটি গলিতে মার্কেটের পেছনে ককটেল ফোটানো হয়। রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে রাত ১১টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজ ছাত্রী হোস্টেল সংলগ্ন দেওয়ালে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর রাত ১১টা ১০ মিনিটের দিকে গাবতলী তিন রাস্তার মোড়ের কাছে ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ শনিবার সারাদিনে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়া ...
স্টাফ রিপোর্টার: জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নেতৃত্বে রাজধানীর বনানীর প্ল্যাটিনাম গ্র্যান্ডে অনুষ্ঠিত হয়েছে ‘শি স্পিকস’ জাতীয় সমন্বিত পলিসি ক্যাফে। সিদ্ধান্ত গ্রহণ ও স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিন ...
খুলনা অফিস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ শনিবার ...
সব মন্তব্য
No Comments