বাবার শেষ বিদায়ে থাকবেন না মুজতাবা খামেনি

প্রকাশ : 03 Jul 2026
বাবার শেষ বিদায়ে থাকবেন না মুজতাবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিচ্ছেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। নিরাপত্তা ঝুঁকির কারণে তাকে প্রকাশ্যে আসতে নিষেধ করেছে ইরানি নিরাপত্তা সংস্থাগুলো। ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি India Today-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান, মুজতাবা খামেনি নিজে বাবার জানাজায় ইমামতি করতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তার প্রকাশ্যে আসা খুবই বিপজ্জনক এবং তারা নিরাপত্তা দিতে পারবেন না। তিনি বলেন, “আমি গত সপ্তাহে ইরানে ছিলাম। আমার বন্ধুরা তার সঙ্গে দেখা করেছে। সে বাইরে আসতে চায়, মানুষের সঙ্গে দেখা করতে চায়। কিন্তু নিরাপত্তা বাহিনী অনুমতি দিচ্ছে না”। 


Times Now ও The Tribune-এর প্রতিবেদনে ইরানি সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, ইসরায়েলি হুমকি ও নজরদারির ঝুঁকির কারণে মুজতাবা খামেনি বাবার শেষকৃত্যে অংশ নেবেন না। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হন। একই হামলায় মুজতাবা গুরুতর আহত হন। এরপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি এবং শুধু লিখিত বিবৃতির মাধ্যমে যোগাযোগ করছেন। ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, তার আঘাত সামান্য ছিল এবং ১ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পান। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, মুজতাবার মুখ ও ঠোঁট পুড়ে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। এখন পর্যন্ত তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। 


CNN জানিয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সেখানে মুজতাবার শ্বশুর গোলামআলি হাদ্দাদ আদেল উপস্থিত থাকলেও মুজতাবা ছিলেন অনুপস্থিত। শেষকৃত্যের আয়োজক কমিটির প্রধান আলী আকবর পৌরজামশিদিয়ান বলেন, এই আয়োজন ইসলামিক রিপাবলিকের “আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শক্তি” প্রদর্শন করবে। তিনি আরও জানান, মুজতাবা অংশ নেবেন কি না সেই সিদ্ধান্ত “সম্পূর্ণভাবে নেতার কার্যালয়ের বিষয়”। বিশ্লেষকরা বলছেন, মুজতাবা যদি জানাজায় না আসেন তবে দেশে-বিদেশে তার শারীরিক সুস্থতা ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে সন্দেহ বাড়বে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি মুজতাবাকে “হত্যার জন্য চিহ্নিত” বলে মন্তব্য করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি কঠোর জবাবের হুঁশিয়ারি দেন। 


৪ জুলাই তেহরানে শুরু হয়ে ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার মাজারে দাফনের মাধ্যমে আলী খামেনির ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য শেষ হবে। শেষকৃত্যকে কেন্দ্র করে ইরানের সামরিক বাহিনী সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, নৌ নজরদারি ও আকাশ প্রতিরক্ষা জোরদার করেছে। ইরান ভারত থেকে মুখতার আব্বাস নকভি, মেহবুবা মুফতি, মল্লিকার্জুন খাড়গে, সালমান খুরশিদ ও পবন খেরাকে আমন্ত্রণ জানিয়েছে। ABP Live জানায়, মুজতাবার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শে তিনি জনসমাগমে অংশ নিচ্ছেন না। 


সম্পর্কিত খবর

;