দুর্নীতি নিয়ন্ত্রণে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার রোধ সম্ভব: টিআইবি

প্রকাশ : 28 Nov 2026
দুর্নীতি নিয়ন্ত্রণে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার রোধ সম্ভব: টিআইবি

স্টাফ রিপোর্টার: দেশে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা গেলে বছরে ১৬ বিলিয়ন ডলার অর্থপাচার রোধ করা সম্ভব বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। একইসঙ্গে দুর্নীতি মধ্যম মাত্রায় নিয়ন্ত্রণ করা গেলেও দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ বাড়তে পারে বলে উল্লেখ করেছেন তিনি।


শুক্রবার (২৭ নভেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ বছর চতুর্থবারের মতো ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনব্যাপী আবাসিক এই প্রতিযোগিতার আয়োজন করেছে টিআইবি। এতে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশ নিচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও বিচারকদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান টিআইবির নির্বাহী পরিচালক।


দুর্নীতি নিয়ন্ত্রণের চারটি পূর্বশর্ত তুলে ধরে ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রথম শর্ত রাজনৈতিক সদিচ্ছা। রাষ্ট্রক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব যাদের হাতে, দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের আন্তরিক ও প্রত্যয়ী হতে হবে। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতি নিয়ন্ত্রণের প্রথম শর্ত।


দ্বিতীয় শর্ত হিসেবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় এনে সুবিচার নিশ্চিত করার কথা বলেন তিনি। এ ক্ষেত্রে ভয়ভীতি বা করুণার ঊর্ধ্বে উঠে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় নির্বিশেষে আইনের দৃষ্টিতে সবাইকে সমান বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।


তৃতীয় শর্ত হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা। পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য এসব প্রতিষ্ঠানের সক্ষমতা থাকতে হবে। চতুর্থ শর্ত হিসেবে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি এবং এ বিষয়ে সোচ্চার ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।


ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির কারণে সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হয়। দুর্নীতির সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও মানুষ ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতি থেকে উত্তরণে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, সাধারণ মানুষ তথা সেবাগ্রহীতাদের মধ্যে দুর্নীতিবিরোধী চাহিদা তৈরি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে এ আন্দোলন জোরদারে কাজ করছে টিআইবি।


অনুষ্ঠানে বিতর্কের মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অন্যের মতামত ও মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সম্মান এবং যুক্তির মাধ্যমে দ্বিমত খণ্ডনের চর্চা শুধু প্রতিযোগিতায় নয়, ব্যক্তিজীবন থেকে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। দ্বিমতকে শত্রুতা মনে করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।


অনুষ্ঠানে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভাবনা বিনিময় ও পারস্পরিক যোগাযোগ গড়ে তুলতে সাহায্য করবে এবং তাদের দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী হতে উৎসাহিত করবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা, রানার্সআপ দল ৩০ হাজার টাকা এবং সেরা বিতার্কিক ১০ হাজার টাকা পুরস্কার পাবেন। পাশাপাশি ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে অন্তত একজন নারী সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সেরা আটটি দল পরের আসরে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে।



সম্পর্কিত খবর

;