মোহাম্মদপুরে সেন্ট ক্রিস্টিনা চার্চের ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরি: মূলহোতাসহ গ্রেফতার ৪

প্রকাশ : 12 Oct 2026
মোহাম্মদপুরে সেন্ট ক্রিস্টিনা চার্চের ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরি: মূলহোতাসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আসাদগেট সংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের আলোচিত ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরি মামলার মূলহোতাসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-২।


গত ১ অক্টোবর ২০২৬ তারিখে আসাদগেট সংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের বিভিন্ন ধাতু দ্বারা তৈরি প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৭০ কেজি ওজনের ঘণ্টাটি চুরি হয়ে যায়। এ ঘটনায় চার্চের সদস্য পিটার বাড়ৈ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করেন। মোহাম্মদপুর থানার মামলা নং ০১, তারিখ ০১/১০/২০২৬, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড।


চোরাইকৃত ঘণ্টা উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে ঘটনার দিন থেকেই এসআরবি-২ গোয়েন্দা নজরদারি চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর ঘণ্টা চুরির ঘটনায় সম্পৃক্ত রহিম বাদশা (৪১) কে মোহাম্মদপুর এবং সোহাগ (২৯) কে গাজীপুর থেকে আটক করা হয়।


পরবর্তীতে গতকাল ১১ অক্টোবর ২০২৬ তারিখে এসআরবি-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চুরি চক্রের মূলহোতা মো: আলমগীর হোসেন (৪৫) এবং চুরি হওয়া ঘণ্টার ক্রেতা মো: রিফাতুল ইসলাম অন্তর (২৫) কে আটক করে।


উল্লেখ্য, চুরি হওয়া ঘণ্টাটি গত ২ অক্টোবর ২০২৬ তারিখে লালমাটিয়ার একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।


এসআরবি-২ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতদের পিসিপিআর যাচাই করে দেখা যায়, আসামি মোঃ আলমগীর হোসেনের নামে ডিএমপির মোহাম্মদপুর থানায় ১টি ডাকাতির প্রস্তুতি ও ২টি সিঁধেল চুরির মামলা রয়েছে।


এ বিষয়ে এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

;