স্টাফ রিপোর্টার: রাতভর নাটকীয়তার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। আজ (১৯ অক্টোবর) সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেন তিনি।
এর আগে আজ সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানান তিনি। পোস্টে তিনি লেখেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।
গত শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ ঘুন্টিঘর রেলক্রসিং এলাকায় অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালিয়ে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে হাতে পিস্তল নিয়ে ‘ধর ধর’ বলে চিৎকার করতে দেখা যায়। এরপরই তার ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনে তীব্র সমালোচনা শুরু হয়। এই ঘটনায় অস্ত্র হাতে অভিযান চালিয়ে বিতর্কের মুখে পড়ার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি বলে জানা গেছে।
রবিবার রাতভর এই ইস্যুতে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে রবিবার রাতেই ইশরাকের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক বিবৃতিতে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এবং কোনো পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি বলে জানান। সরকারি সূত্র বলছে প্রধানমন্ত্রী শনিবারের সশস্ত্র অভিযানের পর তাকে সচিবালয়ে ডেকে পদত্যাগ করতে বলেন, কিন্তু মন্ত্রীর দফতর সেই দাবি অস্বীকার করে।
অবশেষে সোমবার সকালে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেন ইশরাক। ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন কর্মী হিসেবে আরও শতগুণ উৎসাহ নিয়ে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাবেন। তিনি পরিচ্ছন্নতা অভিযান ও জাতীয়তাবাদী প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বিভিন্ন জেলা সফরের কথাও জানান।
উল্লেখ্য, ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে। তিনি ২০২৬ সালের সাধারণ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে জয়ী হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হন এবং ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯ অক্টোবর ২০২৬ তার পদত্যাগের মধ্য দিয়ে আট মাসের মন্ত্রিত্বের অবসান হলো।
স্টাফ রিপাের্টার: ঢাক-ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে সারাদেশে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মহাসমারোহে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শেষে আজ সোমবার (১৯ অক্টোবর) পালিত হচ্ছে মহাঅষ্টমী। এদিনের মূল আকর্ষণ কু ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ সচিবালয়। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিপরিষদ বৈঠকে ...
রংপুর অফিস: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ঝড়-বৃষ্টি ও তাপদাহের কোনো আশঙ্কা নেই। আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থ ...
সব মন্তব্য
No Comments