চীন-ভারত সীমান্তে নতুন উত্তেজনা, এলএসির কাছে যুদ্ধবিমান মোতায়েন

প্রকাশ : 28 Jul 2026
চীন-ভারত সীমান্তে নতুন উত্তেজনা, এলএসির কাছে যুদ্ধবিমান মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।


এনডিটিভি ও আন্তর্জাতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, চীন ভারত সীমান্তের কাছে দুটি বিমানঘাঁটিতে অন্তত ১১টি জে-২০ 'মাইটি ড্রাগন' স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে। বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ভ্যান্টরের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ৯ জুলাই চীনের জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোতান বিমানঘাঁটিতে সাতটি জে-২০ যুদ্ধবিমান পার্ক করা ছিল।


এনডিটিভির এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, চীন তার ফ্রন্টলাইন জে-২০ যুদ্ধবিমানের অপারেশনাল মোতায়েন বাড়িয়েছে, যেগুলো ভারতের বিরুদ্ধে মোতায়েনযোগ্য ঘাঁটিতে রাখা হয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, জুনের শেষ এবং জুলাইয়ের শুরুতে চীন দুটি বিমান ঘাঁটিতে ১১টি জে-২০ মোতায়েন করেছিল।


নতুন স্যাটেলাইট ছবিতে আরও দেখা গেছে, ১১টি চীনা জে-২০ স্টিলথ যুদ্ধবিমান হোতান এবং দামজুং বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে, যা ভারত-চীন সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত।


অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীও প্রস্তুতি জোরদার করেছে। লাদাখের লেহ বিমানঘাঁটি থেকে মিগ-২৯ যুদ্ধবিমান মহড়া চালিয়েছে। ভারতের রাফাল যুদ্ধবিমানও সীমান্তের কাছাকাছি প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।


বিশ্লেষকরা বলছেন, চীনের কাছে আনুমানিক ৫০০টি জে-২০ যুদ্ধবিমান রয়েছে, যেখানে ভারত এখনো প্রথম স্টিলথ যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করতে পারেনি। ফলে আকাশ প্রতিরক্ষায় সক্ষমতার ব্যবধান ক্রমেই বাড়ছে। সীমান্তে শান্তি বজায় রাখতে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চললেও যুদ্ধবিমান মোতায়েন নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সম্পর্কিত খবর

;