জুলাই সনদের খসড়া নিয়ে বিএনপির আনুষ্ঠানিক আপত্তি

প্রকাশ : 20 Aug 2025
জুলাই সনদের খসড়া নিয়ে বিএনপির আনুষ্ঠানিক আপত্তি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গতকাল বুধবার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের লিখিত মতামত জমা দিয়েছে। লিখিত মতামতে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার কয়েকটি বিষয়ে আপত্তির কথা আনুষ্ঠানিকভাবে কমিশনকে জানাল বিএনপি। বিএনপির পক্ষ হতে সুস্পষ্টভাবে বলা হয়, রাজনৈতিক সমঝোতার দলিলকে সংবিধানের ওপর স্থান দেওয়া, সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না—এমন বিধান রাখার প্রস্তাব অগ্রহণযোগ্য।


বিএনপির বক্তব্য অনুযায়ী, জুলাই সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়া, সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং সনদের ব্যাখ্যার ভার থাকবে সুপ্রিম কোর্টের হাতে—এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত হয়নি। এর পাশাপাশি আরও কিছু খুঁটিনাটি ও শব্দচয়নগত বিষয়েও মতামত দেওয়া হয়েছে। বিএনপি আশা প্রকাশ করেছে, জুলাই জাতীয় সনদ-২০২৫ ঐকমত্যের ভিত্তিতে প্রণীত, স্বাক্ষরিত এবং বাস্তবায়ন হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সনদ বাস্তবায়নের জন্য কোনো বৈধ, আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া খুঁজে বের করা যাবে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, রাষ্ট্র সৃজনের সময়, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর তুলনা করা সঠিক নয়।


জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে তৈরি করা হয় ‘সমন্বিত খসড়া’। গত শনিবার সন্ধ্যায় এই খসড়া পাঠিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত জানতে চাওয়া হয়।


সনদ বা সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা এখনো ঠিক হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন আগামী সপ্তাহে এ বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে পারে।


গতকাল এনডিএম, এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও আমজনতার দল খসড়া নিয়ে নিজেদের লিখিত মতামত ঐকমত্য কমিশনে জমা দেয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, মতামত জমা দেওয়ার সময় আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) বেলা তিনটা পর্যন্ত বাড়ানো হয়েছে।

সম্পর্কিত খবর

;