মারা গেলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

প্রকাশ : 02 Oct 2026
মারা গেলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

স্টাফ রিপোর্টার:  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্বশীল একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।


বিডিনিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে একটি হোটেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে লন্ডনের সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে লন্ডন সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তিনি।


তৌফিক ইমরোজ খালিদীর জন্ম ১৯৬৭ সালের ১৪ জুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে সেভ দ্য চিলড্রেন ফান্ডে কাজ করেন। পরে সাংবাদিকতায় এসে সানডে এক্সপ্রেস, দ্য ডেইলি স্টার, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে প্রযোজক ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে দেশের প্রথম অনলাইন সংবাদমাধ্যম হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠা করেন এবং সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বে বিডিনিউজ দেশের ডিজিটাল সাংবাদিকতায় পথিকৃৎ প্রতিষ্ঠানে পরিণত হয়।


প্রতিষ্ঠানের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ অক্টোবর উদযাপনের প্রস্তুতি চলছিল, যা তিনি নিজেই পরিকল্পনা করছিলেন। তার মরদেহ দেশে আনার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, রাজনৈতিক নেতা ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।


সম্পর্কিত খবর

;