অফিস কক্ষে চেয়ারের পেছনে খুঁটিতে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ

প্রকাশ : 22 Oct 2026
অফিস কক্ষে চেয়ারের পেছনে খুঁটিতে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ

স্টাফ রিপোর্টার: সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কিছু কর্মকর্তা জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী না হয়েও অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন করছেন, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে। গত ১১ অক্টোবর জারি করা ওই চিঠিতে অধীন দপ্তর এবং সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কর্মকর্তা বা ব্যক্তি জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী বা যোগ্য না হয়েও ব্যক্তিগত মর্যাদা প্রকাশের উদ্দেশ্যে অফিস কক্ষের ভেতরে চেয়ার কিংবা সোফার পেছনে খুঁটিতে জাতীয় পতাকা প্রদর্শন করছেন। যা প্রচলিত আইন ও বিধিমালার পরিপন্থী।


এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ছাড়া অন্যান্য ক্ষেত্রে কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা প্রদর্শনের বিধান রয়েছে। কিন্তু কিছু অফিসে সার্বক্ষণিকভাবে দিন-রাত ২৪ ঘণ্টা জাতীয় পতাকা ঝুলিয়ে রাখা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।


চিঠিতে আরও বলা হয়, অনেক ক্ষেত্রে জাতীয় পতাকার সঠিক আকার, অনুপাত ও রং বজায় না রেখে অফিস কক্ষের অভ্যন্তরে সজ্জা, অলংকরণ কিংবা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর সরাসরি লঙ্ঘন।


এ অবস্থায় জাতীয় পতাকার অবমাননা রোধে সব মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তর, সংস্থাকে বিধি অনুযায়ী পতাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিস কক্ষে সজ্জা বা পটভূমি হিসেবে পতাকা ব্যবহার না করতে এবং অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ যেন পতাকা প্রদর্শন না করেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।


সম্পর্কিত খবর

;