স্টাফ রিপোর্টার: পার্শ্ববর্তী দেশ থেকে পাওয়া নির্দেশনায় ঘাতকরা এ দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘কোথাও কোথাও গলির ভেতর থেকে ককটেল-বোম ফোটাচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশ আসছে, এখানে বসে থেকে টাকা-পয়সা দিয়ে ঘাতকরা এ দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। জনগণ উপযুক্তভাবেই তাদের প্রতিহত করবে। সরকার এ ব্যাপারে প্রস্তুত।’
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তবে কোথাও কোথাও গলির ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অর্থ নিয়ে কিছু লোক বসে আছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণে সরকার ব্যবস্থা নেবে বলে তিনি মন্তব্য করেন।
রিজভীর অভিযোগ, পার্শ্ববর্তী দেশ থেকে একটি গোষ্ঠীর পক্ষ নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করার নির্দেশনা আসছে। তবে দেশের মানুষ এ ধরনের প্রচেষ্টা সফল হতে দেবে না বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা জনগণ বুঝতে পারছে। ফ্যাসিস্টদের আবারও ফিরিয়ে আনার চেষ্টা করা হলে জনগণ কখনোই তা ক্ষমা করবে না।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য নিয়েও কথা বলেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিল। সেদিনের সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তি পান। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি হয় বলে রিজভী মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে চরম অরাজকতা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সাধারণ মানুষ ও সিপাহিরা ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁদের সম্মিলিত অংশগ্রহণে সিপাহী-জনতার বিপ্লব সংঘটিত হয়। বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে দেওয়া হবে না, এমন অঙ্গীকার থেকেই সেদিনের বিপ্লব সংঘটিত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
রিজভী বলেন, ‘৭ নভেম্বরের চেতনা হলো মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা। এ চেতনায় উদ্বুদ্ধ হয়েই দেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করেছে।’ তাঁর মতে, ৭ নভেম্বরের তিন অঙ্গীকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের অব্যাহত ধারা। এই প্রত্যয় নিয়ে আবার জুলাইয়ে এ দেশের মানুষ বিপ্লবে নেমে আসে এবং গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করে।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের বিপ্লবে দেশ প্রকৃত স্বাধীনতা-সার্বভৌমত্বের অঙ্গীকার খুঁজে পায়। ৭ নভেম্বরের চেতনা মুক্তির চেতনা, গণতন্ত্রের চেতনা, স্বাধীনতা রক্ষার চেতনা, সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনা। এই চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করতে বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে। এছাড়া, বিদেশে থাকা অপশক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে। তবে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বারবার দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো রাজনৈতিক দল যদি ঘোলা পানিতে মাছ শিকার করে ফ্যাসিস্টদের মদদ দেয়, তবে জনগণ তাদের ক্ষমা করবে না।
এদিন সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে যান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সূরা ফাতেহা পাঠ এবং দোয়ায় অংশ নেন সবাই।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ মন্ত্রিসভার সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারা।
উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনের কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় এসেছিল। এই ঘটনার ৫১তম বার্ষিকীতে দি ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বরাবরের মতো আগামীকাল ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালন করবে।এ উপলক্ষ্যে ...
স্টাফ রিপোর্টার:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা ...
সব মন্তব্য
No Comments