স্টাফ রিপোর্টার:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে অন্যায়-অবিচার, একনায়কতন্ত্র ও স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনা। এ চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জুমআ বার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী র সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের মনের ভাষা বুঝে দেশ পরিচালনা করতে হবে। যারা জনগণের প্রত্যাশা ও অধিকারকে উপেক্ষা করবেন, ইতিহাস তাদের কাউকে ক্ষমা করবে না।
তিনি অভিযোগ করেন, ১৯৭২ সালে ক্ষমতায় আসার পর তৎকালীন সরকার ইসলামী সংগঠনগুলো নিষিদ্ধ করে, রক্ষীবাহিনীকে সীমাহীন ক্ষমতা দেয় এবং একদলীয় বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচনা করে। তাঁর দাবি, ওই সময় হত্যা, নির্যাতন, লুটপাট ও অধিকার হরণের বিরুদ্ধে জনমনে ক্ষোভ জমে উঠেছিল। ৩ নভেম্বর পাল্টা অভ্যুত্থানের পর বন্দি জিয়াউর রহমানকে ৭ নভেম্বর ভোরে সিপাহিরা মুক্ত করেন, আর জনগণ তাতে সংহতি প্রকাশ করে। এ কারণেই দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিতি পেয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় মেনে নেওয়া উচিত। তাঁর অভিযোগ, সেই রায় মানা হচ্ছে না এবং অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ফ্যাসিবাদ প্রতিরোধে সহায়ক ২০টি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক বসানো, দুর্নীতি দমন কমিশন সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিতর্কিত নিয়োগ এবং সরকারি কর্মকমিশনে হস্তক্ষেপেরও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে র্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে শুধু নাম পরিবর্তন করে নতুন কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, আগের বাহিনীর লোকবল ও কাঠামো বহাল রেখে শুধু নাম বদলালে সমস্যার সমাধান হবে না।
বিরোধী দলের দায়িত্ব প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সরকারের কিছু সিদ্ধান্তের প্রতিবাদ না করলে জনগণের প্রতি অর্পিত দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এ কারণেই তারা সাত দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন। এসব দাবি কোনো দলের একক দাবি নয়, এগুলো জনগণের দাবি। তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, এটি একটি মানসিকতা; ক্ষমতায় গিয়ে যে কেউ এই মানসিকতায় আক্রান্ত হতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, ৭ নভেম্বর শুধু একটি সামরিক ঘটনা ছিল না; এর পেছনে ছিল একদলীয় শাসন ও অধিকার হরণের বিরুদ্ধে জনমনের ক্ষোভ। তিনি গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ও সমাজব্যবস্থার মৌলিক পরিবর্তন ছিল। চাঁদাবাজি, দুর্নীতি, বাজার সিন্ডিকেট ও দলীয়করণ অব্যাহত থাকলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বরাবরের মতো আগামীকাল ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালন করবে।এ উপলক্ষ্যে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা ...
স্টাফ রিপোর্টার: দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। ...
স্টাফ রিপোর্টার: পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্র ...
সব মন্তব্য
No Comments