আগামীকাল ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালন করবে জাসদ

প্রকাশ : 06 Nov 2026
আগামীকাল ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালন করবে জাসদ

স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বরাবরের মতো আগামীকাল ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালন করবে।


এ উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামীকাল ৭ নভেম্বর শনিবার বিকাল ৪টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাসদের জেলা ও উপজেলা কমিটিসমূহ কেন্দ্রের অনুরূপ কর্মসূচির মাধ্যমে সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালন করবে।


সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ৬ নভেম্বর ২০২৬ এক বিবৃতিতে বলেছে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান ছিল ক্ষমতালোভী উচ্ছৃঙ্খল অফিসারদের বিশৃঙ্খলা থামাতে এবং ঔপনিবেশিক আমলের বৈষম্যমূলক নিপীড়নমূলক রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের লক্ষ্যে সাধারণ সিপাহীদের একটি সুশৃঙ্খল বিপ্লবী প্রচেষ্টা।


বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার, জাসদ নেতা, মহান বিপ্লবী শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম ও বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে সিপাহী-জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। জাতির সেই ক্রান্তিকালে জাসদ বিপ্লবী বলিষ্ঠতা নিয়ে সিপাহীদের পাশে দাঁড়িয়েছিল। জাসদের বলিষ্ঠ ও ঐতিহাসিক ভূমিকার কারণে সেদিন ক্ষমতালোভী অফিসারদের ক্ষমতার জন্য উন্মত্ততা, বিশৃঙ্খলা, কামড়াকামড়ি, খুনাখুনি ও রক্তারক্তি বন্ধ হয়েছিল। অসংখ্য অফিসার ও সৈনিকের জীবন রক্ষা পেয়েছিল।


জাসদের বিবৃতিতে আরও বলা হয়, সিপাহী-জনতার অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ঔপনিবেশিক আমলের রাষ্ট্রকাঠামো বহাল রাখা এবং সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক কর্নেল আবু তাহের বীর উত্তমকে অবৈধ ও বেআইনি সামরিক ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে ফরমায়েশি রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান, তৎকালীন সভাপতি মেজর এম এ জলিল, সাধারণ সম্পাদক আ স ম আবদুর রব, জাসদ নেতা হাসানুল হক ইনু, রবিউল আলম, মেজর জিয়াউদ্দিন, সার্জেন্ট ইউসুফ, কর্নেল তাহেরসহ জাসদ নেতা এবং বিপ্লবী সৈনিক সংস্থার নেতাদের দীর্ঘমেয়াদি সাজা প্রদান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেইমানি ও বিশ্বাসঘাতকতার একটি নজির হিসাবে স্থান পেয়েছে।


বিবৃতিতে বলা হয়, শহীদ কর্নেল তাহেরের শিক্ষা বিপ্লবের দীক্ষা এবং সিপাহী-জনতার অভ্যুত্থান বিপ্লবী রাজনীতির অনুপ্রেরণা হিসাবে যুগ যুগ ধরে বেঁচে আছে।


সম্পর্কিত খবর

;