২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, মোট ছুটি ২৯ দিন, কার্যকর ২২ দিন

প্রকাশ : 02 Nov 2026
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, মোট ছুটি ২৯ দিন, কার্যকর ২২ দিন

স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। তবে ৭ দিন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটি থাকবে ২২ দিন।


সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এই তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।


মন্ত্রিপরিষদ সচিব জানান, খসড়া তালিকা অনুযায়ী জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবারসহ চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। অন্যদিকে বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় পর্ব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই তালিকা প্রণয়ন করেছে।


তিনি আরও জানান, ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এছাড়া পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা তাদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন। চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে। শিগগিরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি করা হবে।


সম্পর্কিত খবর

;