অন্ধ্র উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার

প্রকাশ : 03 Nov 2026
অন্ধ্র উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “মুরাসু” উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোরে প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। বর্তমানে এটি দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল সাড়ে ৭টার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টির প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।


এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এর আগে গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে অবস্থানরত এই ঘূর্ণিঝড়ের কারণে বন্দরগুলোতে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল।


ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে অন্ধ্র প্রদেশের নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করেছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৯০ থেকে ১০০ কিলোমিটার।


এদিকে আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন অর্থাৎ ৩ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আজ সকাল ৯টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ০৬ মিনিটে।


আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

;