ঘূর্ণিঝড় ‘আকভান’ কাল দুপুরে অতিক্রম করতে পারে, দেশে টানা ৫ দিন চলবে বৃষ্টি

প্রকাশ : 19 Nov 2026
ঘূর্ণিঝড় ‘আকভান’ কাল দুপুরে অতিক্রম করতে পারে, দেশে টানা ৫ দিন চলবে বৃষ্টি

স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “আকভান” উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আজ সকাল ০৬টায় (১৯ নভেম্বর ২০২৬) এটি ১৪.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৫.২° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এ সময় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১২৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০১০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০০৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।


প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল (২০ নভেম্বর ২০২৬) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, এটি মাচিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে উড়িষ্যার গোপালপুরের মধ্যবর্তী যেকোনো স্থান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমের সময় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কি.মি. এবং দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কি.মি. পর্যন্ত উঠতে পারে বলে আইএমডি জানিয়েছে।


বর্তমানে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।


প্রবল ঘূর্ণিঝড় “আকভান” এর প্রভাবে আজ (১৯-১১-২০২৬) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মি.মি. এর বেশি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। আজ ভোর থেকে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। পটুয়াখালীতে গতকাল বুধবার রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে নদীবন্দরের সতর্কবার্তায় জানানো হয়েছে।


প্রথম দিন (১৯.১১.২০২৬) সকাল ০৯টা থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. কমতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কি.মি.। সকাল ০৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫টা ১১ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬টা ১৭ মিনিট।


দ্বিতীয় দিন (২০.১১.২০২৬) সকাল ০৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


তৃতীয় দিন (২১.১১.২০২৬) সকাল ০৯টা থেকে সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


চতুর্থ দিন (২২.১১.২০২৬) সকাল ০৯টা থেকে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু এবং রাজশাহী ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


পঞ্চম দিন (২৩.১১.২০২৬) সকাল ০৯টা থেকে ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা অনুযায়ী, এই সময়ের শুরুতে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


সম্পর্কিত খবর

;