ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

প্রকাশ : 15 Nov 2026
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে পোশাক শ্রমিকরা। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন।


স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। পরে তারা কাজে যোগ না দিয়ে সাড়ে ৮টার দিকে আচমকাই সড়কে নেমে পড়ে সড়ক বন্ধ করে দেন। আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।


পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরে যেতে বললে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে সকাল ৯টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে মৌচাকের তেলিরচালা এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকদের একাংশের দাবি, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করছেন।


এদিকে চলমান অস্থিরতা ও ভাঙচুরের আশঙ্কায় কালিয়াকৈরের অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রের দাবি, এর মধ্যে সাতটি বড় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেছেন, কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে, সে সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ এখনো তাদের হাতে আসেনি।


গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে মৌচাকে কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ সক্রিয় থাকায় শ্রমিকরা সরে গেছে। বর্তমানে সড়ক স্বাভাবিক।


শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশ, শিল্প পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

;