প্রধানমন্ত্রীর পাশে বসেই সতর্ক করলেন মির্জা আব্বাস
স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেই তাকে প্রকাশ্যে সতর্ক করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকাল পৌনে ৪টায় তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে সড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে বরণ করে নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বক্তব্যের এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, “আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই- এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন।” তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সবসময় সব জায়গায় উদার হওয়া যাবে না। দলের ভেতরে বহু কর্মী ও নেতা আছেন যারা সামনে ভালো ভালো কথা বললেও বাইরে গিয়ে ভালো কথা বলেন না। এ বিষয়ে একাকী জিজ্ঞাসা করা হলে তিনি প্রধানমন্ত্রীকে আরও বিস্তারিত বলবেন বলেও জানান।
ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অস্বাভাবিক মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক হলেও তাকে কেউ হত্যা না করলেও যেভাবে তিনি মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।
বক্তব্যে মির্জা আব্বাস আরও বলেন, “ইতোমধ্যে বহু প্রশংসার কাজ আপনি করেছেন। কিন্তু বাস্তব কথা হলো- আপনার সব ভালো ভালো কাজগুলো কিছু খারাপ লোকের খারাপ কথায়, খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে।” তিনি প্রধানমন্ত্রীকে এ বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখার অনুরোধ জানান। তার ভাষায়, “নেতাকে ফাঁকি দেওয়া মানে দেশকে ফাঁকি দেওয়া।” দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, দু-একজন মানুষের কর্মকাণ্ডের জন্য পুরো দলের বদনাম হতে পারে না।
নিজের আবেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, এই দলকে তিনি অনেক ভালোবাসেন। ৪৮ বছরে অনেক কিছু মিস করলেও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কখনো মিস করেননি। সেই ভালোবাসার টানেই আজও এসেছেন। বিএনপিতেই নিজের রাজনৈতিক জীবনের শেষ করতে চান বলেও জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ, স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম, ইসমাইল জবিউল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন সহ মন্ত্রিসভার সদস্যরা।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং ৫ সেপ্টেম্বরের এই আলোচনা সভা ছিল অন্যতম প্রধান কর্মসূচি।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
স্টাফ রিপোর্টার: রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আ ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে শিশু নিখোঁজের ঘটনা বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং গৃহ শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গৃহ শ্রমিক ইউনিয়ন।আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ...
স্টাফ রিপোর্টার: জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় ঢাকায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জিপিওর সামনে জাসদ চত্বর থেকে র্যালিটি শু ...
সব মন্তব্য
No Comments