আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

প্রকাশ : 05 Sep 2026
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

স্টাফ রিপোর্টার: রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।


আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিগত ৬ মাসের শাসনকালে ক্ষমতাসীন সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রংপুরের হত্যাকাণ্ডে সুষ্ঠ তদন্তের পরিবর্তে ঘটনা ধামাচাপা দিতে গিয়ে প্রমাণ করেছে আইনশৃঙ্খলা উন্নয়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।


গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফী রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি, বিচারহীনতা, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস সাধারণ মানুষের জীবনকে চরম অনিরাপদ করে তুলেছে। রংপুরে একটি পরিবারের চার সদস্যকে হত্যার মতো ভয়াবহ ঘটনায় প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করতে গড়িমসি করা হচ্ছে।


তিনি ঘোষণা দেন, বেহাল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে আগামী ৭ সেপ্টেম্বর রংপুর যাবেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ।


সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের ডা. মুশতাক হোসেন, বাসদের জুলফিকার আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাসদ (মাহবুব) এর হারুনার রশীদ ভূইয়া, বাসদ (মার্কসবাদী)’র সীমা দত্ত, বিপ্লবী কমিউনিষ্ট লীগের নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী, সোনার বাংলা পার্টির সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মঈনুদ্দিন চৌধুরী লিটন।


সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।

সম্পর্কিত খবর

;